শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

আপডেট : ২৫ মে ২০২৬, ০৩:৪২ পিএম

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজের  আনুষ্ঠানিকতা। সোমবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় জড়ো হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫ লাখেরও বেশি মুসল্লি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনা। 

সাদা ইহরামের পোশাকে বাসে কিংবা হেঁটে মিনার বিশাল তাঁবুনগরীতে পৌঁছান হাজিরা। এর আগে তারা মসজিদুল হারামে অবস্থিত পবিত্র কাবাঘরকে কেন্দ্র করে সাতবার তাওয়াফ সম্পন্ন করেন।

চলতি বছরের হজে ইরানসহ বিশ্বের নানা দেশ থেকে মুসলিম ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার ঘটনার পর এবার নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের তুলনায় এবার বিদেশ থেকে আরও বেশি সংখ্যক হাজি হজ পালনে সৌদি আরবে এসেছেন।

হজ মৌসুমকে নিরাপদ রাখতে পূর্ণ প্রস্তুতির কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে মক্কার আশপাশে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের দৃশ্য দেখা গেছে।

সেখানে বলা হয়, “পবিত্র স্থানগুলোর আকাশসীমা নিরাপদ রাখা এবং যে কোনো আকাশপথের হুমকি মোকাবিলার দায়িত্ব পালন করছে বিমান প্রতিরক্ষা বাহিনী, যাতে আল্লাহর মেহমানরা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে হজ পালন করতে পারেন।"