যুদ্ধ বন্ধের সম্ভাবনায় বিশ্ববাজারে কমলো তেলের দাম 

আপডেট : ২৫ মে ২০২৬, ০২:২৮ পিএম

বিশ্বব্যাপী তেলের দামের প্রধান মানদণ্ড, ব্রেন্ট ক্রডের দাম রবিবার ৫ শতাংশের বেশি কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংঘাতের স্থায়ী অবসানের সম্ভাবনা নিয়ে মিশ্র সংকেত দেওয়ায় প্রভাবে এই পরিবর্তন এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জুলাই মাসের ব্রেন্ট ফিউচারসের দাম প্রতি ব্যারেল ৯৭.৯৪ ডলারে দাঁড়িয়েছে।  যা এক মাস আগের তুলনায় প্রায় ৯ শতাংশ কম। কিন্তু যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও এক-তৃতীয়াংশের বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা “সুশৃঙ্খলভাবে” এগোচ্ছে। তবে তিনি কর্মকর্তাদের চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশও দিয়েছেন।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, চুক্তির বেশিরভাগ বিষয় নিয়ে আলোচনা শেষ। সম্ভাব্য সেই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও থাকতে পারে।

যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। এতে বিশ্বের বড় অংশের তেল বাণিজ্য ব্যাহত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।