টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা ঈদে বাড়ি ফেরার জন্য রড বোঝাই ট্রাকে উঠেছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ হোসেন আলাপ-কে বলেন, রড বোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের প্রাণহানি ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।



