যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো তেহরান

আপডেট : ২১ মে ২০২৬, ১১:০৮ এএম

যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, “আমাদের পক্ষ থেকে সব পথ খোলা রয়েছে, তবে জোর করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা অলীক কল্পনা।” কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি দাবি করেন, যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা ও সামরিক সক্ষমতার ভিত্তিতে ভবিষ্যতে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে আরও “চমকের” মুখোমুখি হতে হবে।

তিনি জানান, “যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা করে, সেক্ষেত্রে নতুন আরও অনেক চমক তাদের সামনে হাজির করবে ইরান।”

আরাগচি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মার্কিন কংগ্রেস কয়েকশ কোটি ডলার মূল্যের একাধিক যুদ্ধবিমান ক্ষতির কথা স্বীকার করেছে। একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তেহরানের সাম্প্রতিক এসব বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অঞ্চলজুড়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং সামরিক সংঘাতের আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে।