বাংলাদেশ থেকে ৬ হাজার গাড়িচালক নেবে দুবাই

আপডেট : ১৭ মে ২০২৬, ০৬:১০ পিএম

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ গাড়িচালক নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে বলে বাসসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রবিবার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে এই সংক্রান্ত একটি বৈঠক হয়। 

বৈঠকের পর মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে দক্ষ গাড়িচালক নিয়োগের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া চালু রাখার আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে।

তিনি দুবাইয়ে কাজের শুরুতে প্রশিক্ষণ চলাকালীন সময়েও কর্মীদের বেতন দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী নিয়োগের অনুরোধও করেন।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বলেন, বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়।

তারা জানান, সোমবার শুরু হওয়া সাক্ষাতকারের মাধ্যমে প্রথম ধাপে প্রায় ১,৫০০ চালক বাছাই করা হবে। পরে ধাপে ধাপে মোট ৬ হাজার বাংলাদেশি গাড়িচালক নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যেতে অনেক বাংলাদেশি ঋণ করে বড় খরচ বহন করেন। তাই অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখার ওপর জোর দেন তিনি।