শাপলা চত্বর হত্যাকাণ্ড:

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট : ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পিএম

রাজধানী ঢাকার শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সকালেই এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ই জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে, তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ৭ই মে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

(সূত্র: ইউএনবি)