স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

আপডেট : ১৪ মে ২০২৬, ০৩:০৪ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। স্থায়ী জামিনের বিষয়টি আলাপকে নিশ্চিত করেছেন সাংবাদিক আনিস আলমগীর। 

আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, স্থায়ী জামিন, হাজিরা এবং বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে তিনটি আবেদন করা হয়েছিলো। আদালত ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করে, তবে বাকি দুটি আবেদন মঞ্জুর করেন।

গত ১৫ই জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে গত ২৮এ জানুয়ারি আদালত তা মঞ্জুর করেন। এরপর গত ১১ই মার্চ তিনি এ মামলায় জামিন পান।

এর আগে গত ১৪ই ডিসেম্বর জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তারের পর সাংবাদিক আনিস আলমগীরকে গত বছর ১৫ই ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২০এ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৫ই মার্চ তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান।

দুদকের মামলার এজাহার অনুযায়ী, আনিস আলমগীরের নামে ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস হিসেবে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকার তথ্য পাওয়া যায়। তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।