বৈশ্বিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘দীর্ঘস্থায়ী’ অবরোধ নিয়ে ট্রাম্পের সংশ্লিষ্ট সংবাদ প্রকাশিত হওয়ার পর ব্যারেলপ্রতি ক্রুড অয়েলের দাম পৌঁছেছে ১২২ ডলারে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১৪ হাজার ৯৭৪ টাকা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের বৈঠককে বাজার বিশ্লেষকরা হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অচলাবস্থার ইঙ্গিত হিসেবে দেখছেন।
বিশ্বব্যাংক সতর্ক করেছে, এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে ২০২৬ সালে বৈশ্বিক জ্বালানির দাম আরও ২৪% পর্যন্ত বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলবাজারে অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ অব্যাহত থাকবে।
ইতোমধ্যে ইরান ওই কৌশলগত জলপথে জাহাজ চলাচল সীমিত করেছে, যেখানে দিয়ে বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অর্থনীতিতে চাপ বাড়াতে ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদারের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর জবাবে হরমুজ প্রণালিতে চলাচল ব্যহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফলে জ্বালানি পরিবহন নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করছে।



