বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

ঢাকার মার্কিন দূতাবাসের ফেইসবুক পেইজে শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। 

ভিসা স্থগিতের কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের নাগরিকদের ‘সরকারি সহায়তা গ্রহণের হার বেশি’। 

“৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।”

মার্কিন দূতাবাসের পোস্টে আরও লেখা হয়েছে, “এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।” 

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত গত ২১এ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

হোয়াইট হাউসের নীতিগত অবস্থান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়ায় আসা ব্যক্তিদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

দেশটির প্রশাসন বলছে, উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সে বিষয়টি নিশ্চিত করতে কড়া যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করা হয়েছে।

এই সিদ্ধান্তের আওতায় দক্ষিণ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকরা পড়েছেন।

আর এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারী বহু বাংলাদেশি এখন অনিশ্চয়তার মুখে পড়েছেন।