পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় প্রদেশে সামরিক বাহিনীর অভিযানে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
পাকিস্তান সামরিক বাহিনীর দাবি, নিহতদের ২২ জনই সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর সদস্য।
পাকিস্তান আইএসপিআরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যৌথভাবে একটি অভিযান চালায়।
সে সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় বলেও দাবি করা হয়। সামরিক বাহিনীর দাবি, টিটিপি সদস্যদের গুলিতেই ১০ বছর বয়সী এক শিশু মারা যায়।
টিটিপি সদস্যদের পাকিস্তানি সেনাবাহিনী ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ নামে অভিহিত করে। অভিযানের পর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, “ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারিজের ২২ জন খাওয়ারিজকে জাহান্নামে পাঠানো হয়েছে।”
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শাহবাজ শরিফ একে “মানবতার বিরুদ্ধে অপরাধ” হিসেবে অভিহিত করেন। দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



