আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

‎আমেরিকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

‎মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‎ডা. জাহেদ উর রহমান বলেন, আমেরিকায় ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এসব ঘটনায় সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে।

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা বা রিকনসিলিয়েশন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “দলটি গুরুতর অপরাধ করলেও তারা এখন পর্যন্ত কোনো ক্ষমা চায়নি। বরং ক্ষমা চাওয়ার পরিবর্তে সহিংসতায় উসকানি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা ব্যক্তিগতভাবে দেখছি না,” উল্লেখ করেন তিনি।

‎ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে। তার মতে, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার হওয়া প্রয়োজন।

‎এদিকে, ভারতে স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হওয়া বিমসটেক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশ না নেওয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন ডা. জাহেদ উর রহমান। তার মতে, হতে পারে অন্য কাজে ব্যস্ত থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে যাননি। তবে স্বরাষ্ট্রসচিব বৈঠকে অংশ নিয়েছেন। এ নিয়ে অন্য কোনো ব্যাখ্যা খোঁজার সুযোগ নেই।