প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ।

রবিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের সশস্ত্রবাহিনীর পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আলোচনা করেছেন তারা।

বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বাড়ানো, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় তারা আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত সামরিক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

মেজর জেনারেল ক্রিস স্মিথ ​জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর পেশাদারত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।