২০এ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নপত্র জমা ১৩ই অগাস্ট

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

আগামী ২০এ অগাস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, ১৩ই অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ই আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৮ই আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তফসিলের ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশন ভবন ও জাতীয় সংসদে নির্ধারিত সময় অনুযায়ী পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ২০এ অগাস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পাশাপাশি নির্বাচন-সংক্রান্ত যেকোনো অগ্রগতি ও হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

২০২৩ সালের ২৪এ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। চলতি বছরের ২৪এ জুলাই তিনি পদত্যাগ করলে বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন।