ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ জন বাংলাদেশি নাগরিক।
রবিবার রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের বেনাপোলে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।
এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, আমরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতের তামিলনাড়ু গিয়েছিলাম। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়।
“কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা আমাদের জেলখানা থেকে ছাড়িয়ে শেল্টার হোমে রাখে,” বলেন ফিরোজ মাহমুদ।
তিনি উল্লেখ করেন দুই দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।
এদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ জন বাংলাদেশি নাগরিককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
মানবাধিকার সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোরের শেল্টার হোমে রাখা হবে।



