‘অপতথ্য’ নিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি

আপডেট : ২০ জুন ২০২৬, ০২:১০ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ‘অপতথ্য’ প্রচার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। 

এই ঘটনায় ‘উদ্বেগ’ প্রকাশ করে শুক্রবার প্রতিমন্ত্রীর প্রেস সচিব মোঃ আতিকুর রহমানের সই করা একটি বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কোনো ব্যক্তি যেন নিজ উদ্যোগে মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সে বিষয়ে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে প্রতিমন্ত্রীর অনুমোদন বা নির্দেশনার সম্পর্ক নেই বলে উল্লেখ করা হয়েছে সেখানে।

বিবৃতিতে সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চারজনকে ঘিরে আলোচনা জন্ম দেওয়া ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন শাহে আলম।

সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে এবং গ্রেপ্তার করা সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেছেন তিনি।

এতে আরও বলা হয়েছে, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ।

ফলে এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধও জানিয়েছেন।