শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগী গ্রেপ্তার

আপডেট : ১৯ জুন ২০২৬, ০১:২২ পিএম

রাজধানীর ওয়ারী এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক চক্রের অন্যতম নিয়ন্ত্রক ইসমাইল হোসেন ওরফে ‘অটো সজল’ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ হেরোইন, মাদক তৈরির উপকরণ এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলেন, মো. বাপ্পী, মো. হানিফ ও মোছা. শামসুন্নাহার।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে অটো সজলের নাম সামনে আসে। এর আগে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হামলায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী হিসেবে অটো সজলের নাম উঠে আসে।

এরপর থেকেই তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও তিন সহযোগীকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, হেরোইন, মাদক তৈরির উপকরণ, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন।

ডিএমপি আরও জানিয়েছে, অটো সজলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে রাজধানীর একটি অংশে অস্ত্র ও মাদক সংক্রান্ত অপরাধচক্র পরিচালনার অভিযোগ ছিলো অটো সজলের বিরুদ্ধে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই চক্রের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তসংশ্লিষ্টরা।