হুমায়ূন আহমেদ: নদী, বৃষ্টি ও পূর্ণিমা পুরাণ

কখনো কোনো উপন্যাসের নাম। কিংবা একটি ছোটগল্পের ক্লাইম্যাক্স। আবার আটপৌরে মধ্যবিত্ত পরিবারের সবাই মিলে ছাদের ওপর বসে গান গাওয়া। উপজীব্যগুলো প্রকৃতি থেকে উৎসরিত। বৃষ্টি, নদী কিংবা ঝলমলে এক জোছনার রাত। আগাগোড়ায় হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্মগুলো ঘিরে রেখেছে এর সবটাই। যে রাতে তিনি মারা গিয়েছিলেন, সেদিন তার লেখা গানের মতো ‘চান্নি পসর রাইত’ ছিল না। তবে গল্প-বয়ানে হুমায়ূন সবার জন্য এইসব জোছনা, রাত, বৃষ্টি, নদীকে চিরস্থায়ী রেখে গেছেন।

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

নিউইয়র্কের হাসপাতালে হুমায়ূন আহমেদ। ২০১১ সাল। মারণব্যাধি ক্যান্সার তাকে আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে। তেমনই এক সময়, তার কথা হলো শহীদ কাদরীর সঙ্গে। এই ঘটনা লেখা আছে ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ বইয়ে। গল্পের এই অংশে কাদরীর লেখার প্রতি তার ভক্তি সচেতন পাঠক টের পাবেন। কবি তখন জীবনের সায়াহ্নে, কমবেশি শেষের সময় হুমায়ূন আহমেদেরও। সেটুকুর ফুরসতেও হুমায়ূন কাদরীকে লক্ষ্য করে বলেছেন, “তিনি কি তাঁর দেশের অপূর্ব জোছনা দেখবেন না? তাঁর গায়ে কি বর্ষার প্রথম জলধারা পড়বে না?” এই লেখার এক বছর পর হুমায়ূন আহমেদ সব হিসাবের বাইরে চলে যান। কাদরীর প্রতি তার চাওয়া পূরণ হয়নি। ২০১৬ সালে মারা যাওয়ার পর শহীদ কাদরীর মরদেহ বাংলাদেশে আসে। ১৯৭৮ সালে দেশ ছাড়ার পর সেই তার ফিরে আসা। হুমায়ূনের চাওয়া বৃষ্টি বা জোছনা শহীদ কাদরী আর পাননি।

যে মানুষটি চলে যাওয়ার মুখে, তার জন্য অন্য কিছু নয়, হুমায়ূন বৃষ্টি, জোছনা, বর্ষার প্রথম কদম ফুল চেয়েছেন। আবার নিজের সিনেমাতে গানও লিখেছেন, “চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়।” যদি বলা হয়, কেবল কাজে নয়, মনে-মননে-জীবনে হুমায়ূন প্রকৃতির এই সব কিছুকে জড়িয়ে রেখেছেন নিজের সাথে।

প্রকৃতির সাথে সাহিত্যিকের সংযোগ সচরাচর হয়ে ওঠে তার সাহিত্যকর্মে। বিভূতিভূষণ তো প্রকৃতিকেই এতো সুন্দর করে এঁকে গেছেন লেখায়, অথবা জীবনানন্দ দাস কেবল রূপসী বাংলাকে নিয়ে নয়, তামাম দুনিয়ার নানান দেশ-পথ-প্রান্তর নিয়ে কাব্য করেছেন। প্রকৃতির বিচিত্র ছবি লাতিন আমেরিকার সাহিত্যে মার্কেজের ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’ কিংবা হুয়ান রুলফোর ‘পেদ্রো পারামো’ দিয়ে এক অদেখা ভুবনে নিয়ে যেতে পারে পাঠককে।

হুমায়ূন আহমেদের সাহিত্যে বা ভিজ্যুয়ালে, মানে নাটক বা সিনেমায়, প্রকৃতি খুবই মানুষ আর তার মনস্তত্বকে ঘিরে গড়ে ওঠা আর ছড়ানো। সেখানে প্রকৃতির সাথে সংযোগটাই আলাদা একটা ছবি, আলাদা একটা গল্প, আলাদা একটা সম্পর্ক। ‘ময়ুরাক্ষী’ উপন্যাসের কথাই ধরুন। এক বিচিত্র যুবকের আখ্যানে বয়ানে উঠে এসেছে এক কাল্পনিক নদীর নাম। যে নদী তার ব্যক্তিগত। যে নদী সে কাউকে দিতে পারে, যদি সে হয় তার প্রিয় কেউ। আবার এই একই কাহিনিতে, সে তার একজন আত্মীয়, যিনি প্রকৃতির বিবিধ রূপ নিয়ে তেমন হয়তো ভাবেন না, তাকে শোনাচ্ছে পূর্ণিমার রাতে এক বনে চলে যাওয়ার গল্প। সেই গল্প শুনে তিনিও তার চিরাচরিত বিশ্বাস প্রায় ছেড়ে আগ্রহী হয়ে উঠতে থাকেন।

হুমায়ূন আহমেদের চোখে প্রকৃতি যতটা দৃশ্যমান, তার চেয়েও অনেক বেশি কল্পনার, মনস্তত্বের সাথে সংযোগ গড়ে তোলা কিছু। তার চরিত্ররা প্রকৃতির একেকটা সময়ে তার সাথে নিজেরাই জুড়ে যান, নিজেরা তার একটা অংশ হয়ে ওঠেন। ‘কবি’ উপন্যাসের মধ্যে সেই চাওয়া কবিতা হয়ে আসে।

”প্রতি পূর্নিমার মধ্যরাতে একবার

আকাশের দিকে তাকাই।

গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে?   

…..

আমি সিদ্ধার্থের মত

গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি।

যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত

দরজা খুলে যাবে।

ঘরের ভেতর

ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর।”

অথবা কথায় কথায় এসে যাবে ‘আমার আছে জল’। এ উপন্যাস থেকে দর্শকনন্দিত সিনেমাও হয়েছে। গল্পের মাঝেই এসে যায় এক কিশোরীর কথা। যে পূর্ণিমার রাতে পুকুরে পা ভিজিয়ে বসে থাকে। তারপর দুই বয়সের দুই বোনের কনফ্রন্টেশন, দুজনই স্মৃতি আর প্রকৃতি-তাড়িত। আর শেষটায়, গল্পের এক চরিত্র, এক টিনেজার কিশোরী ভাসতে থাকে পুকুরে। প্রকৃতির সাথে সাথে মানুষের মনস্তত্বের সংযোগও অনবরত অনায়াসে বর্ণনা করেছেন তিনি। ছোট ছোট শব্দ-বাক্য-সংলাপের সাথে সাথে।

কিংবা আরেকটা গল্পের কথা এখানে বলা যায়। চাঁদের আলোয় কয়েকজন যুবক। তিন বন্ধুর সাথে ঘটনাক্রমে জুটে গেছেন আরেকজন ব্যক্তি। তিন বন্ধুর প্রত্যেকের নিজস্ব ক্রাইসিস, তবে তার মধ্যে একজন একেবারেই অন্য ধাঁচে গড়া। যে কথা উল্টো করে বলতে অভ্যস্ত। সেদিন উথালপাথাল জোছনা রাত, এমনটাই লেখা হয়েছে গল্পের পরতে পরতে। আর সেই আলোতে তারা বুঁদ হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। কাহিনীর শেষে মজিদ হত্যা করে একজন নৃশংস অপরাধীকে। শেষটায় এভাবে হুমায়ূন আহমেদ লিখেছেন, 

“তারা হাঁটছে। ঘুমন্ত শহরের পথে জোছনার আলো। এই চাঁদের আলো বড় অদ্ভুত জিনিস। এই আলোয় চেনা পৃথিবী অচেনা হয়ে যায়। পিচ ঢালা কালো কঠিন রাজপথকে মনে হয় ভাদ্র মাসের শান্ত নদী।

তারা হাঁটছে। পায়ের নিচে নদী। মাথার উপর অন্য এক রকম আকাশ। চারপাশে থৈ-থৈ জোছনা। যে জোছনা মানুষকে পাল্টে দেয়। যে জোছনায় সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে ভ্ৰম হয়।”

সত্য আর মিথ্যার বিচিত্র, দ্বিধাভরা অবস্থানকে সেই সময়, সেই জোছনাকে দিয়ে তুলে এনেছেন তিনি।

হুমায়ূন আহমেদের কমবেশি অনেক গল্প বলাতেই, কিংবা গল্পকে ছোট বা বড়পর্দায় দেখানোর মাঝে প্রকৃতির বৃষ্টি, জোছনা, পূর্ণিমা, নদী উঠে এসেছে। যে কাহিনীগুলোর একটু গল্প ফিরে দেখা, তা শুধু আলাপের প্রসঙ্গেই তুলে আনা। কাহিনীর প্রয়োজনে নয়, লেখকের চাওয়া থেকে পাওয়া হয়েই বারবার ফুটে উঠেছে প্রকৃতির এইসব বিচিত্র রূপ। যার সাথে তিনি বারবার মিশিয়ে দিয়েছেন চরিত্রদের।

হুমায়ূন আহমেদ নিজেও তাদেরই একজন।