নাম বদলে র‌্যাব হচ্ছে এসআইএফ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “বিলুপ্ত নয় বরং নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। নতুন নাম এসআইএফ হবে।”

বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।”

পোশাক, লোগো এবং পরিচয়পত্রের আমূল পরিবর্তন আসছে বলেওে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরে র‍্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে।

২০০৪ সালে খালেদা জিয়ার সরকারের আমলে র‍্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার নাম বদলে যাচ্ছে।