অস্থিরতার মাঝে ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম

চলমান অস্থিরতার মধ্যে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বহুল ব্যবহৃত ১২ কেজির এক সিলিন্ডার এলপিজির দাম জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম কার্যকর হয়েছে সোমবার সন্ধ্যা ৬টা থেকে।

সোমবার বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করেন। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে থাকে।

এ নিয়ে টানা দুই মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো। এর আগে গত জানুয়ারি মাসে ৫৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা।

যদিও বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ক্রেতাদের অভিযোগ প্রতি সিলিন্ডারে ৮০০ থেকে ১ হাজার টাকা বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা।

অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে তা ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।