শুক্রবার শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন। 

এই বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফর শেষ হবে। এই সফরে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন মাহদী আমিন ।

তিনি জানান, “বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন।”

এসব আলোচনা ইতিবাচক ফল আনবে উল্লেখ করে তিনি বলেন, “বৈঠকটি বাংলাদেশের জনগণের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে।”

প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে গ্রেট হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

সরকারপ্রধানের ২৪ জন সফরসঙ্গীর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন।