হাইকোর্ট থেকে জামিন পেলেন ৭ই মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫২ পিএম

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জনসমক্ষে বাজানোর ঘটনায় গ্রেপ্তার শেখ তাসনিম আফরোজ ইমি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ইমির পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

২০২৬ সালের ৭ই মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেছিলেন শামসুন নাহার হলের সাবেক ভিপি ইমি।

রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাধা দেয়।

এক পর্যায়ে এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজসহ আরেকজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে রাখে। ৮ই মার্চ আটক তিনজনকে ‍সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারগারে পাঠানো হয়। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।