জ্বালানির বাড়তি দাম কীভাবে ছড়িয়ে পড়বে আপনার ভাতের প্লেট থেকে পুরো অর্থনীতিতে?

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

তেলের দাম বাড়লে শুধু তেলের দাম বাড়ে না। এটা একটা চেইন রিঅ্যাকশন। একটা জায়গায় বাড়তি খরচ তৈরি হয়। তারপর সেই খরচ আরেক জায়গায় যায়। সেখান থেকে যায় আরেক জায়গায়। শেষ পর্যন্ত সেই বাড়তি খরচ এসে পৌঁছায়— আপনার পকেটে। খাবারের থালায়। এমনকি আপনার সন্তানের ভবিষ্যতে।এটাই জ্বালানি তেলের দাম বৃদ্ধির চেইন রিঅ্যাকশন।

আপনার দৈনন্দিন জীবনে এই ২০ টাকা বা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে তেলের লিটার প্রতি দাম ৩৫ টাকা থেকে ৪৫ টাকা বাড়ানোর ধাক্কা কোথায় কোথায় পড়ছে? আর সেটা আরও কতটা চাপে ফেলতে যাচ্ছে আপনাকে। জ্বালানির দাম বাড়ার প্রথম দিনই ঢাকার বিভিন্ন রুটে বাসভাড়া ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়িয়ে নেওয়ার অভিযোগ এসেছে। দূরপাল্লার কয়েকটি রুটে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। একজন মানুষের যাতায়াতের পাশাপাশি পুরো পণ্য সরবরাহ ব্যবস্থাও জ্বালানির ওপর নির্ভরশীল। এখানেই তেলের দাম বৃদ্ধির দ্বিতীয় বড় চেইন শুরু হয়।

যেখানে তেলের দাম বাড়লে বাড়ে ট্রাকের ভাড়া আর সেটা বাড়িয়ে দেয় পণ্যের দাম। বাংলাদেশের কৃষিতেও ডিজেলের ব্যবহার গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেচে। দেশে বছরে ডিজেলের চাহিদা প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। এর মধ্যে প্রায় ২৪ শতাংশ বা ১০ লাখ ৪৪ হাজার টন ব্যবহৃত হয় কৃষিকাজে। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, আগের দামে কৃষকের বছরে ডিজেলে ব্যয় হতো প্রায় ১২ হাজার ছয় কোটি টাকা। লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ায় সেই ব্যয় বেড়ে প্রায় ১৪ হাজার ৯৪ কোটি টাকায় দাঁড়াবে। অর্থাৎ কৃষকের অতিরিক্ত ব্যয় হবে প্রায় দুই হাজার ৮৮ কোটি টাকা। 

বন্দর থেকে পণ্য আনা-নেওয়া, কনটেইনার হ্যান্ডলিং— সেখানেও বাড়তি খরচ হবে। বেসরকারি কনটেইনার ডিপো বা আইসিডিগুলোতে কনটেইনার হ্যান্ডলিং ও পরিবহন চার্জ ইতোমধ্যেই ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়লে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। কারণ বাংলাদেশে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মোট ক্ষমতার প্রায় ২২.২৫ শতাংশ। একই সঙ্গে বাড়বে কারখানার উৎপাদন ব্যয়, ব্যবসার খরচ।

শেষ পর্যন্ত পণ্যের দামেও তার প্রভাব পড়বে। এটাও সেই একই চেইনের অংশ।আর এখানেই আসে সবচেয়ে বড় শব্দ—মূল্যস্ফীতি। মানুষের আয় যতটা বাড়ছে তার চেয়েও বেশি বাড়ছে পণ্যের মূল্য। এমন পরিস্থিতিতে নতুন করে জ্বালানি, পরিবহন ও উৎপাদন খরচ বাড়লে—মূল্যস্ফীতির চাপ আবার বাড়ার ঝুঁকি তৈরি হয়। এতক্ষণে নিশ্চই বুঝে গেছেন তেলের ২০ টাকা আসলে কত টাকা। 

বাড়তি খরচের হিসাবটা আপনার জন্য কত? এবার আপনি সেই হিসাবটা কষে দেখতে পারেন। কারণ তেলের দাম বাড়ার আসল গল্পটা পাম্পে শুরু হলেও শেষ হচ্ছে আপনার অফিসে যাওয়ার বাসে, বাজারের ব্যাগে, রান্নাঘরে, ভাতের থালায়, আপনার সন্তানের খরচায় আর মাসের শেষে আপনার হিসাবের খাতা হয়ে পুরো অর্থনীতিতে।