ফিরে এসো, চাকা: ধানমন্ডির হারানো দুপুর আর ভাঙার গান
রবিন মিয়ার দোকানে একদিন একটি আবাসন বিজ্ঞাপন দেখিয়ে জিজ্ঞেস করি, এই জায়গাটিও কি ধানমন্ডি? তিনি তাকিয়ে বলেন, “ধানমন্ডি তো এখন অনেক বড়, বস”। কত বড়? ঢাকায় ঠিকানাও এখন একধরনের আকাঙ্ক্ষা। একসময় ধানমন্ডির জমি নিতে অনেকে রাজি ছিলেন না। এখন ধানমন্ডির নামটি নিতে অনেকের আগ্রহ। জায়গাটির একটি পরিচয় তৈরি হতে যত সময় লেগেছিল, সেই পরিচয় বিক্রি হতে সম্ভবত তার চেয়ে কম সময় লাগছে।
ইভান ইকরাম
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএমআপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
আজকের ধানমন্ডি লেক আসলে এক পুরোনো জলপ্রবাহের অবশিষ্ট। কারওয়ান বাজার নদীর একটি পরিত্যক্ত ধারা। আশপাশের খাল ও জলাভূমির সঙ্গে একসময় তার যোগাযোগ ছিল। ছবি: রাহী নায়াব/আলাপ ইলাস্ট্রেশন
টুং টুং।
একটা সময় ঢাকার আবাসিক পাড়াগুলোর তপ্ত দুপুরে শব্দ বলতে ছিল রিকশার ঘণ্টি। দূর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসত। তারপর আবার সব চুপ। রাস্তার ওপর গাছের ছায়া পড়ে থাকত। বাড়িগুলোও যেন দুপুরের ঘুমে।
সেই ঘণ্টি এখনও বাজে। কিন্তু তার শব্দ এখন ইঞ্জিনচালিত রিকশার জান্তব গর্জন, মোটরসাইকেলের তাড়া আর গাড়ির হর্নে চাপা পড়ে যায়। সেই তপ্ত, নীরব, আলসে দুপুর কই!
শুধু রোদের নিচের শহরটা বদলে গেছে।
রিকশাও বদলেছে। আগে চালকের পা ঘুরত, চাকা ঘুরত। উঁচু রাস্তায় উঠতে গিয়ে লোকটির পিঠ বেঁকে যেত। যাত্রীর কখনও মায়া হতো। কেউ নেমে হেঁটে উঠতেন। কেউ ভাড়া একটু বাড়িয়ে দিতেন। অবশ্য সবাই যে মায়া করতেন, তা নয়।
একজন মানুষের ঘামে আরেকজনের আরাম—ঢাকার যাতায়াতব্যবস্থায় এই নিষ্ঠুর ব্যবস্থাটিও বেশ স্বাভাবিক ছিল।
এখন মোটর এসেছে। মোটর লাগানো এই রিকশাগুলোকে লোকে আদর করে ডাকে ‘বাংলার টেসলা’ কিংবা সংক্ষেপে ‘টেসলা’। কেউ ডাকেন ইজিবাইক। ভালোই হয়েছে। মানুষের পেশির ওপর একটি শহরের গতি নির্ভর করে থাকবে, এমন কোনো ঐতিহ্য রক্ষা করার প্রয়োজন নেই।
তবু মনে হয়, রিকশায় মোটর লাগার পর চালকের আসনের মানুষটি যেন একটু আড়ালে চলে গেছেন। আগে চালকের কষ্টটা দেখা যেত। এখন শুধু গতি দেখা যায়। রিকশা দ্রুত চলছে, আমরা দ্রুত পৌঁছাচ্ছি। মাঝখানে একজন মানুষ আছেন, সে কথা মনে রাখার ফুরসৎ কমছে।
মায়া কি কমে গেছে? নাকি মায়ার জন্য একটু অলস দুপুরও লাগে?
ধানমন্ডির পুরোনো রাস্তায় আমি প্রায় রোজ হাঁটি। দেখি। ভাবি।
পেশা বদলে বদলে আজ আমার প্রাতিষ্ঠানিক ঠিকানা ধানমন্ডি। যে পাড়ায় একসময় থাকার স্বপ্ন দেখেছি, এখন দিনের বড় একটি অংশ সেখানেই কাটে। অফিস, মিটিং, কাজের তাড়া। দুপুরে বেরিয়ে টং দোকানে এক কাপ চায়ের বিলাসিতা। কিন্তু ধানমন্ডির আর আলুথালু হয়ে থাকার সুযোগ নেই। সকাল থেকে রাত, প্রতিক্ষণ উচাটন।
অফিসের কাছের চায়ের দোকানে রবিন মিয়াকে এসব বললে তিনি হাসেন।
—বস, মানুষ বইসা থাকলে আমার চা বেচা হইব কেমনে?
যুক্তি খারাপ না।
তার দোকানে সকাল থেকে মানুষের আনাগোনা। অফিসের কর্মী, রিকশাচালক, গাড়িচালক, পাশের দোকানের লোকজন। কেউ চা নিয়ে বসেন, কেউ দাঁড়িয়ে শেষ করেন। কেউ কাপ হাতে ফোনে কথা বলতে বলতে চলে যান। চা শেষ হওয়ার আগেই অনেকের কাজ শুরু হয়ে যায়।
রবিন মিয়ার কাছে জানতে চাই, ধানমন্ডির দুপুর আগে কেমন ছিল।
তিনি কেটলি নামিয়ে বলেন—
—দুপুরে আগে মানুষ কম আছিল। এখন দুপুরেই বেশি।
কথাটি বলে আরেকজনের দিকে হাত বাড়ান।
—আপনেরটা লিকার, না দুধ?
ইতিহাসের চেয়ে বর্তমানের জরুরি কাজটি তিনি ভালো বোঝেন। আমারও আপত্তি নেই। যে পাড়ার নির্জনতা নিয়ে আমি মন খারাপ করছি, তার ব্যস্ততায় রবিন মিয়ার সংসার চলে। ধানমন্ডি বদলেছে বলে তার দোকানে চা বিক্রি হয় বেশি। আমার হারানো দুপুর তার কাছে ব্যবসার মন্দ সময়ও হতে পারে।
তবু বছর দশেক বা আঠারো আগের ধানমন্ডির দুপুরগুলো আমার মনে পড়ে।
প্রায় আঠারো বছর আগে ঢাকায় এসেছি। তখন ছাত্র। শহরের অনেক কিছুই আমার কাছে নতুন। কিন্তু ধানমন্ডিকে মনে হয়েছিল অন্যরকম। বিশেষ করে দুপুরবেলায়।
বড় বড় গাছ। উঁচু সীমানাপ্রাচীরের আড়ালে একতলা-দোতলা বাড়ি। বন্ধ ফটক। কোথাও বাড়ির নাম লেখা। কোথাও বারান্দায় ঝুলছে ফুলের টব। রোদ পড়েছে রাস্তায়, কিন্তু তারও যেন তাড়া নেই। এমন নীরবতা, কোনো কোনো জায়গায় নিজের পায়ের শব্দ শোনা যেত।
মিরপুর রোড আর সাতমসজিদ রোডের ব্যস্ততা থেকে একটু ভেতরে ঢুকলেই অন্য ঢাকা। মনে হতো, এইমাত্র বাড়ির বাসিন্দারা দুপুরের খাবার খেয়ে ঘুমাতে গেছেন। রাস্তাটিকে কিছুক্ষণের জন্য পাহারা দিচ্ছে গাছগুলো।
সেই বয়সে খুব ইচ্ছে করত, একদিন ধানমন্ডিতে থাকব।
ধানমন্ডিতে থাকা হয়নি। বদনাম মোহাম্মদপুর আমার বর্তমান ঠিকানা। পরে অফিস হয়েছে ধানমন্ডিতে। এখন প্রায় প্রতিদিন আসি। যে রাস্তাগুলো একসময় দূর থেকে ভালো লাগত, সেগুলোই কর্মজীবনের পরিচিত পথ।
কিন্তু ধানমন্ডির সঙ্গে সম্পর্ক যত ঘনিষ্ঠ হয়েছে, ততই মনে হয়েছে, জায়গাটির সঙ্গে আমার পরিচয় আসলে খুব সামান্য।
এই সব দুপুরে ইব্রাহিম সাবেরের কথা মনে পড়ে।
বছর দশেক আগে তার ধানমন্ডির বাসায় গিয়েছিলাম সাক্ষাৎকার নিতে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক বিচিত্র প্রতিভা ছিলেন মানুষটি। ফুটবল, হকি, ক্রিকেট, বাস্কেটবল—কোনটা খেলেননি!
তৎকালীন পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের জাতীয় হকি দলে খেলেছেন। ফুটবল খেলেছেন ধানমন্ডি ক্লাবে। ক্রিকেটে আজাদ বয়েজ। বাস্কেটবলেও পরিচিত মুখ।
নিজেদের পুরোনো বাড়ির জায়গায়ও ততদিনে উঠেছে বহুতল দালান। সেই বাড়িতে বসেই সাবের ভাই বলেছিলেন—
—এখন এত উঁচু ভবন যে আর আকাশ দেখা যায় না।
কথাটি মনে ছিল। তখন বুঝিনি, একদিন সেটিই ধানমন্ডি নিয়ে আমার সবচেয়ে স্থায়ী স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে।
একজন মানুষ নিজের পুরোনো বাড়ির জায়গায় তৈরি নতুন ভবনে বসে আকাশ না দেখতে পাওয়ার আফসোস করছেন। অদ্ভুত!
সাবের ভাইয়ের নিজের জীবন কেটেছে মাঠে মাঠে। তার কাছে খোলা জায়গা মানে শুধু জায়গা নয়। সেখানে দৌড়ানো যায়। বল মারা যায়। ঘামে ভেজা জামা পরে বাড়ি ফেরা যায়। বন্ধুর সঙ্গে ঝগড়া করে পরদিন আবার একসঙ্গে খেলা যায়।
সেই মানুষটির চোখের সামনে ধানমন্ডির মাঠ ছোট হয়েছে, বাড়ি উঁচু হয়েছে, আকাশের পরিমাণ কমেছে।
অথচ তার শৈশবের ধানমন্ডিও কিন্তু একদিনের নতুন শহর।
আরও পুরোনো ধানমন্ডিতে যেতে হলে ফিরে যেতে হয় এমন একটি সময়ে, যখন এখানে ধানমন্ডি নামে কোনো পরিকল্পিত আবাসিক এলাকাই ছিল না।
ছিল ধানমন্ডাই!
সাহিত্যিক সমরেশ বসুর শৈশবের স্মৃতিতে সেই ধানমন্ডাইয়ের মাঠ আছে। ত্রিশের দশকের ঢাকা। এক্রামপুরে ছেলেবেলার কিছুদিন কাটিয়েছেন তিনি। সেখান থেকে ধানমন্ডাই ছিল বেশ দূর। বিরাট মাঠ। ফুটবল খেলা হতো। কলকাতা থেকে দল আসত। বড় রাজনৈতিক সভা বসত। ছোটদের একা যাওয়ার অনুমতি ছিল না। বড়দের সঙ্গে যেতে হতো।
এখন ধানমন্ডিতে দাঁড়িয়ে এত বড় মাঠ কল্পনা করাও কঠিন।
যে জায়গায় একটি ভবনের জানালা খুললে অন্য ভবনের বারান্দা দেখা যায়, সেখানে একসময় কলকাতা থেকে ফুটবল দল এসে খেলেছে। খেলা দেখতে শহরের অন্য প্রান্ত থেকে মানুষ এসেছেন।
ছিল ধানক্ষেত, জলাভূমি, ছড়িয়ে থাকা বসতি। ধানমন্ডাই নামটির সঙ্গেও ধানের সম্পর্কের কথা বলা হয়। ধানের মন্ডি বা বাজার থেকে ধানমন্ডাই, তারপর ধানমন্ডি—এ ব্যাখ্যাটি প্রচলিত।
কিন্তু ধানক্ষেতেরও আগে এখানে মানুষের আসা-যাওয়া ছিল।
সাতমসজিদ রোড ধরে হাঁটতে গিয়ে ধানমন্ডি শাহি ঈদগাহের সামনে দাঁড়াই।
চারপাশে দোকানপাট। গাড়ির হর্ন। ভবন। মাঝখানে প্রায় চার শ বছরের পুরোনো একটি স্থাপনা।
১৬৪০ সালে শাহ সুজার দেওয়ান মীর আবুল কাসেম ঈদগাহটি নির্মাণ করেছিলেন।
তখনকার ঢাকা আজকের ধানমন্ডি পর্যন্ত এসে পৌঁছায়নি। শহরের বাইরে খোলা জায়গায় ঈদের নামাজ পড়তে আসতেন মানুষ। পরে এখানে মেলা বসত বলেও পুরোনো বিবরণে পাওয়া যায়।
মনে হয়, চার শ বছর আগের কোনো ঈদের সকালে দাঁড়িয়ে আছি। শহর থেকে মানুষ আসছেন। সঙ্গে শিশুরা। নামাজ শেষ হবে। কেউ মেলায় যাবেন। কেউ বাড়ি ফিরবেন। বিকেল নামলে আবার ফাঁকা হয়ে যাবে জায়গাটি।
অবশ্য এই দৃশ্যের মানুষগুলোকে আমি চিনি না। তাদের নাম জানি না। তাদের সংসারের খবরও জানি না। শুধু ঈদগাহটি জানে, এখানে কত মানুষের পায়ের ছাপ পড়েছে।
ঢাকায় ইতিহাসের একটি দুর্ভাগ্য আছে। পুরোনো স্থাপনাকে ধ্বংস না করেও অদৃশ্য করে ফেলা যায়। চারপাশে কয়েকটি উঁচু দালান তুললেই চলে।
শাহি ঈদগাহকে আজ খুঁজে নিতে হয়। অথচ একসময় সম্ভবত দূর থেকেই দেখা যেত।
ধানমন্ডির সঙ্গে ঢাকার সম্পর্ক এমনই। শহর যত এগিয়েছে, পুরোনো জায়গাগুলো তত ভেতরে ঢুকে গেছে।
পঞ্চাশের দশকে ধানমন্ডাইয়ের মাঠে আধুনিক আবাসিক এলাকা গড়ার পরিকল্পনা হলো।
দেশভাগের পর ঢাকা পূর্ববাংলার প্রশাসনিক কেন্দ্র। সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবীদের থাকার জায়গা দরকার। পুরোনো শহরের বাইরে প্রশস্ত রাস্তা, বড় প্লট, সামনে বাগান নিয়ে নতুন পাড়া তৈরি হবে।
এক হাজারের বেশি প্লট। বাড়ির সামনে বাগান। পাশ দিয়ে লেক। এমন রাস্তা, যেখানে দুপাশের বাড়ি পরস্পরের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে না।
অথচ তখন জমি নিতে অনেকে রাজি ছিলেন না।
শহর থেকে এত দূরে কে যাবে?
সরকারি কর্মকর্তাদের মধ্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। বিঘাপ্রতি পাঁচ হাজার টাকার মতো দাম। কারও কাছে সেটিও অপচয় মনে হয়েছিল। শহরের বাইরে জমি কিনে বাড়ি করবেন, তারপর বাজার করতে ছুটবেন নিউমার্কেটে। এত কষ্টের কী দরকার!
এখনকার ধানমন্ডির জমির দাম শুনলে সেই মানুষগুলো কী বলতেন, জানতে ইচ্ছে করে।
হয়তো নিজেদের বুদ্ধির প্রশংসা করতেন। অথবা যে বন্ধুটি জমি নিতে রাজি হননি, তার কথা ভেবে মনে মনে একটু হেসে নিতেন।
তবে পুরোনো ধানমন্ডির গল্প শুধু জমির দাম দিয়ে বোঝা যায় না।
বাড়িগুলোর নামও ছিল কী সুন্দর!
তরুপল্লব। ছায়াবীথি। আরণ্যক। তরুছায়া।
বাড়ির নামের মধ্যে মানুষ গাছ লাগিয়ে রাখতেন।
পনেরো-এ নম্বর সড়কের তরুছায়া বাড়িটির নামই যেমন পরিবারের মায়ের ডাকনাম থেকে। মায়ের নামের স্মৃতি ধরে রাখতে বাড়ির নাম। তার ব্যবহার করা আসবাবও যত্নে রেখে দেওয়া হয়েছে।
আজকাল বাড়ির নামেও পরিবর্তন এসেছে। নাম শুনলে কখনও বোঝা যায় না, এটি ঢাকার কোনো আবাসিক ভবন, নাকি বিদেশি কোনো সমুদ্রবন্দরের বিলাসবহুল হোটেল।
মন্দ কী! স্বপ্ন বদলাবে, নামও বদলাবে।
কিন্তু পুরোনো নামগুলোয় যে ছায়া ছিল, নতুন নামগুলোয় প্রায়ই তার বদলে উচ্চতা পাওয়া যায়।
ধানমন্ডির পুরোনো বাসিন্দা মেহেরুন নাহারের সঙ্গে কথা হয় একটি বহুতল ভবনের নিচে।
বয়স প্রায় সত্তর। তাদের একতলা বাড়ি পরে দোতলা হয়েছিল। এখন সেই জমিতে বহুতল। পরিবারের আলাদা ফ্ল্যাট। লিফট আছে। গাড়ি রাখার ব্যবস্থা আছে। আগের চেয়ে অনেক সুবিধা।
—আগে এত সুবিধা ছিল না, তিনি বলেন। তবে বাড়ির সামনে বসার জায়গা ছিল।
আমি জিজ্ঞেস করি, সেই জায়গার কথা মনে পড়ে?
—জায়গাটার না। মানুষগুলোর।
তার কথায় পুরোনো প্রতিবেশীদের কথা আসে। বিকেলে কারা হাঁটতে বেরোতেন। কোন বাড়িতে অতিথি এলে আশপাশের মানুষ টের পেতেন। কারও অসুখ হলে খবর পৌঁছাত। ঝগড়াও হতো। আবার দরকারে পাশের বাড়ির দরজায় কড়া নাড়তে অসুবিধা হতো না।
এখন একই ভবনে অনেক পরিবার। লিফটে দেখা হয়। অনেকের নাম জানা নেই।
—আগের বাড়িতে এত মানুষ ছিল না, কিন্তু মানুষরে বেশি চিনতাম।
একটি বাড়ি ভেঙে গেলে সেখানে দশটি পরিবারের থাকার ব্যবস্থা হয়। পুরোনো বাড়ির মালিকের সন্তানরা আলাদা ফ্ল্যাট পান। জমির মূল্য বাড়ে। পুরোনো বাড়ি মেরামতের চিন্তা থাকে না। নতুন জীবন শুরু হয়।
তবু বাড়ি ভাঙার সময় কেউ না কেউ দাঁড়িয়ে থাকেন। দেখেন, তার শৈশবের ঘরটি ভাঙছে। যে জানালায় দাঁড়িয়ে স্কুলের বাসের জন্য অপেক্ষা করতেন, সেটি আর নেই। যে উঠানে কোনো এক বিকেলে বাবার সঙ্গে ক্রিকেট খেলেছিলেন, সেখানেই নতুন ভবনের গাড়ি রাখার জায়গা হবে।
উন্নয়ন বললে ভুল হয় না। ক্ষয় বললেও পুরোটা বলা হয় না।
একই জমিতে কয়েক প্রজন্মের প্রয়োজন আলাদা হয়ে যায়। পুরোনো বাড়িটি শুধু সবাইকে একসঙ্গে ধরে রাখতে পারে না।
ইব্রাহিম সাবেরের পুরোনো বাড়ির কথা মনে পড়ে।
তিনি যখন আকাশের কথা বলেছিলেন, ততদিনে নিজের বাড়ির বদলে যাওয়াও দেখে ফেলেছেন। হয়তো তার কাছেও প্রশ্নটি ছিল এমন—আগের জীবনকে ভালোবেসে কি নতুন জীবনকে আটকে রাখা যায়?
এর উত্তর আমি জানি না।
হাঁটতে হাঁটতে লেকের কাছে আসি।
ধানমন্ডি লেকের বিকেলের চেহারা এক রকম। দুপুরের আরেক। রোদের মধ্যে কিছু মানুষ হাঁটছেন। কোনো তরুণ বেঞ্চে বসে ফোন দেখছেন। বাদাম বিক্রেতা হাঁটছেন ধীরে ধীরে। কয়েকটি শিশু পানির দিকে তাকিয়ে আছে।
এই লেকের সঙ্গেও আমার একটি ব্যক্তিগত স্মৃতি আছে।
একদিন আবাহনী ক্লাবের পুরোনো ভবনের ছাদে বসে আহমেদ সাজ্জাদুল আলম ববি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল।
দেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকা মানুষ, আমার আপনজন। কিন্তু সেদিন গল্পে ক্রিকেটের চেয়ে বেশি জায়গা নিয়েছিল ধানমন্ডি।
তার ছেলেবেলার লেক।
বলছিলেন, একসময় এখনকার রাসেল স্কয়ারের দিকেও বেদে সম্প্রদায়ের নৌকা ভিড়ত। এখানকার জল আশপাশের খাল-ঝিলের সঙ্গে যুক্ত ছিল। লেক তখন কেবল ঘুরতে আসার জায়গা নয়। নৌকা আসত। মানুষ থাকত। জলপথে জীবন চলত।
সেদিন তার মুখে কথাগুলো শুনতে শুনতে মনে হলো, যে জলকে এত দিন একটি সাজানো লেক বলে চিনেছি, তারও এক অন্য জীবন ছিল।
আজকের ধানমন্ডি লেক আসলে এক পুরোনো জলপ্রবাহের অবশিষ্ট। কারওয়ান বাজার নদীর একটি পরিত্যক্ত ধারা। আশপাশের খাল ও জলাভূমির সঙ্গে একসময় তার যোগাযোগ ছিল।
একসময় জল দিয়ে মানুষ যেত। এখন মানুষ জলের কাছে আসে।
পার্থক্য সামান্যই, কিন্তু দুই জীবন একেবারেই আলাদা।
ববি ভাইয়ের ছেলেবেলার নৌকা এখন নেই। লেকের পাড়ে বসে থাকা মানুষগুলোও হয়তো জানেন না, একসময় এখানে বেদে পরিবারের নৌকা ভিড়ত।
আর যে ছাদে বসে ববি ভাইয়ের মুখে গল্পটি শুনেছিলাম, সেই ছাদটিও নেই।
আবাহনীর পুরোনো ক্লাব ভবন ভেঙে ফেলা হয়েছে। নতুন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বদলে গেছে মাঠের চারপাশের চেহারা।
অদ্ভুত ব্যাপার!
একজন মানুষ একটি ছাদে বসে তার হারিয়ে যাওয়া শৈশবের গল্প বলছেন। কয়েক বছর পরে সেই ছাদটিই আর থাকছে না।
ববি ভাইয়ের স্মৃতিতে লেক ছিল। আমার স্মৃতিতে ক্লাবের ছাদ। দুজনের দেখা ধানমন্ডি আলাদা। হারিয়ে যাওয়ার সময়টিও আলাদা।
কিন্তু আবাহনীর গল্প শুধু সেই ছাদের নয়।
হারুনুর রশীদের কথা মনে পড়ে।
আবাহনীর ইতিহাসটা তার মুখেই শুনেছিলাম। দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘ সময়ের সাক্ষী। আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। ফুটবল ফেডারেশনেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার কাছে আবাহনীর ইতিহাস মানে শুধু গোল, জয়-পরাজয় বা ট্রফির হিসাব ছিল না। স্বাধীনতার পরের একটি দেশের নতুন স্বপ্নের কথাও ছিল।
১৯৭২ সালে আবাহনী ক্রীড়াচক্রের যাত্রা শুরু। এর আগে ছিল ইকবাল স্পোর্টিং ক্লাবের ইতিহাস। সেই শুরুর সময়ের মানুষ হারুনুর রশীদ। এরপর ফুটবল, ক্রিকেট, হকিতে আবাহনী বড় হয়েছে। একসময় আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে দেশের ক্রীড়াঙ্গনের আবেগ প্রায় দুই ভাগ হয়ে যেত।
হারুন ভাইয়ের কাছে সেই দিনগুলোর গল্প শুনেছি। তার স্মৃতির মধ্যে একটি ক্লাব বড় হচ্ছিল। আর ক্লাবের সঙ্গে সঙ্গে বড় হচ্ছিল স্বাধীন বাংলাদেশের খেলাধুলাও।
অথচ আবাহনীর মাঠের জায়গাটিতেও একসময় ইটভাটা ছিল। ষাটের দশকের পুরোনো ছবিতে দেখা যায় সেই চিহ্ন। পরে মাঠ হলো। ক্লাব হলো। খেলোয়াড় এলেন। দর্শক এলেন। একসময় জায়গাটি দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত ঠিকানা হয়ে উঠল।
ধানমন্ডাইয়ের মাঠ থেকে ইটভাটা। ইটভাটা থেকে আবার মাঠ। মাঠের পাশে ক্লাব। তারপর পুরোনো ক্লাব ভেঙে নতুন ভবনের আয়োজন।
একই জায়গার কত জীবন!
এই কদিন আগে হারুন ভাই মারা গেলেন। ১০ই নভেম্বর। আবাহনী ক্লাব প্রাঙ্গণেই তার জানাজা হলো।
খবরটি পড়ে কিছুক্ষণ থমকে ছিলাম।
যে মাঠের ইতিহাস একদিন তার মুখে শুনেছিলাম, সেই মাঠেই তার শেষ বিদায়ের আয়োজন। মাঝখানে কত বছর চলে গেল। মানুষটি নেই। যে পুরোনো ক্লাব ভবনের সঙ্গে তাঁর জীবনের এত স্মৃতি, সেটিও আর নেই।
মাঠ আছে।
এখনও সেখানে খেলাধুলার ইতিহাসের অনেক কিছু রয়ে গেছে। কিছু মানুষের নামও রয়ে গেছে, যারা না থাকলে মাঠটির পরিচয় হয়তো অন্য রকম হতো।
ইব্রাহিম সাবের নেই। হারুনুর রশীদও চলে গেলেন। ববি ভাইয়ের সঙ্গে গল্প করা ছাদটি নেই।
ধানমন্ডি অবশ্য কারও জন্য থেমে থাকেনি।
লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমি জাহাজবাড়ি খুঁজি। এখনও প্রতিবার।
প্রায় আঠারো বছর আগে প্রথম দেখেছিলাম। তখনও নতুন ঢাকার সঙ্গে পরিচয় হচ্ছে। এমন একটি বাড়ি দেখে অবাক না হয়ে উপায় ছিল না।
লেকের পাশে বাদামি-খয়েরি রঙের অদ্ভুত এক স্থাপনা। গম্বুজ, মিনার, জাহাজের মতো গড়ন। নদী নেই, সমুদ্র নেই, অথচ জাহাজ আছে।
বাড়িটিকে সুন্দর বলব কি না, তখনও ঠিক করতে পারিনি। এখনও পারি না। কিন্তু বিস্ময়কর ছিল। এতটাই যে ধানমন্ডির অন্য অনেক বাড়ির চেহারা ভুলে গেছি, জাহাজবাড়িরটি ভুলিনি।
বাড়িটির আসল নাম ছিল চিশতিয়া প্যালেস। ব্যবসায়ী এ কে এম আনোয়ারুল হক চৌধুরী নব্বইয়ের দশকের শুরুতে নির্মাণ করেছিলেন। ছোট-বড় মিলিয়ে ৩৭টি গম্বুজ ও মিনার।
একজন মানুষ নিজের বাড়িকে জাহাজের মতো বানাবেন কেন?
শুরুতে এটা জাহাজের মত ছিলও না।
বাড়িটির ভেতর থেকে একটা বড় সিঁড়ি নেমে গিয়েছিল ধানমন্ডি লেকের পানিতে। বাড়িটি যেন কোন রাজার প্রাসাদ। আর লেকটা যেন সেই রাজার ব্যক্তিগত তালাব।
বিগত শতাব্দির শেষভাগে লেকের ভেতের নেমে যাওয়া এই সিঁড়িটিকে অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করে দেয়ালের কিছু অংশসহ ভেঙে দেয় নগর কতৃপক্ষ। পরে দেয়ালের নকশা বদলে বাড়ির মালিক এটাকে দেন জাহাজের আদল।
সেই থেকে এটা জাহাজবাড়ি।
কিন্তু এমন আদল দিয়েছিলেন কেন বাড়িটির মালিক? হয়তো ভেঙে দেয়ার কারণে নষ্ট হওয়া সৌন্দর্য্য কিছুটা হলেও ফিরিয়ে আনার চেষ্টা। হয়ত কোনো ব্যাখ্যা নেই। কিংবা মানুষের কিছু শখ থাকে, যার সঙ্গে যুক্তির বিশেষ সম্পর্ক নেই। কেউ পুরোনো গাড়ি সংগ্রহ করেন। কেউ পাখি পোষেন। কেউ বাড়ির ছাদে বাগান করেন। তিনি ভাঙাগড়ার মধ্যে দিয়ে একটি জাহাজ বানিয়েছিলেন, যেটি কখনও পানিতে ভাসবে না।
মানুষ বাড়িটি দেখতে আসত। ছবি তুলত। লেকের পাশ থেকে তাকিয়ে থাকত।
তারপর বাড়িটির মালিক মারা গেলেন। পুরোনো ভবনে সমস্যা দেখা দিল। পরিবারের প্রয়োজন বদলাল। ২০১৫ সালে বাড়িটি ভাঙা শুরু হলো।
সেই জায়গায় এখন বহুতল ভবন।
নাম চিশতিস ইয়ট।
জাহাজটি আর নেই। নামের মধ্যে তার স্মৃতি রেখে দেওয়া হয়েছে।
ধানমন্ডির অন্য অনেক বাড়ির ভাগ্যে সেটুকুও জোটেনি।
কোনো পুরোনো বাড়ির জায়গায় নতুন ভবন উঠেছে। বাড়ির নামফলক সরে গেছে। কোনো ভবন স্কুল হয়েছে। কোথাও হাসপাতাল। কোথাও অফিস। পুরোনো বাসিন্দাদের কেউ মারা গেছেন, কেউ বিদেশে। উত্তরাধিকারীদের কেউ কেউ আর সেই বাড়িতে থাকেন না।
একটি বাড়ির জায়গায় অনেক বাড়ি হয়েছে। অথচ আগের বাড়িটির নাম আর কেউ জানেন না।
এই শহরে মানুষ কখনও কখনও বাড়ির চেয়ে বেশি দিন বাঁচেন। আবার কোনো কোনো বাড়ি তার বাসিন্দাদের চেয়েও বেশি দিন বেঁচে থাকে।
জাহাজবাড়ি দুটোর কোনোটিই পারেনি।
তবে সব পুরোনো বাড়ি রেখে দেওয়াই সমাধান, এমনও নয়। শহরে মানুষের সংখ্যা বাড়ছে। থাকার জায়গা দরকার। একটি বাড়ির জায়গায় বহুতল হলে অনেক পরিবারের আশ্রয় হয়। পুরোনো বাড়ির মালিকের সন্তানদেরও আলাদা সংসারের প্রয়োজন আছে।
শুধু প্রশ্ন থেকে যায়, একটি বাড়ির জায়গায় দশটি পরিবার থাকার ব্যবস্থা করলে তাদের জন্য দশ গুণ বেশি খেলার জায়গা, হাঁটার পথ কিংবা গাছও কি তৈরি হয়?
ধানমন্ডি অবশ্য শুধু ওপরের দিকে বাড়েনি। চারদিকেও বেড়েছে।
একসময় মিরপুর রোড আর সাতমসজিদ রোডের মাঝের পরিকল্পিত আবাসিক এলাকাটিই ছিল ধানমন্ডি। বাড়ির মতো রাস্তাগুলোরও নিজস্ব পরিচয় ছিল। এক নম্বর, সাতাশ নম্বর, বত্রিশ নম্বর।
বত্রিশ নম্বরের বাড়িটি অবশ্য শুধু একটি বাড়ি হয়ে থাকেনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও অংশ হয়ে উঠেছিল।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাসভবন। স্বাধীনতার আগে-পরে রাজনীতির গুরুত্বপূর্ণ ঠিকানা। ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের স্থান। পরে স্মৃতি জাদুঘর। সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতে সেই ভবনটিও ধ্বংসস্তুপ।
ধানমন্ডির অন্য বাড়িগুলো যেখানে জমির দাম কিংবা উত্তরাধিকারীদের প্রয়োজনে বদলেছে, এই বাড়িটির ভাগ্য নির্ধারিত হয়েছে রাজনীতি ও ইতিহাসকে ঘিরে সংঘাতে।
কোনো কোনো বাড়ি এত মানুষের স্মৃতির অংশ হয়ে যায় যে তার ইতিহাস আর শুধু বাড়ির মালিকের থাকে না।
ধানমন্ডির সীমানার কথায় ফিরি।
এখন ধানমন্ডি উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে। কলাবাগান, শুক্রাবাদ, রায়েরবাজার, হাজারীবাগ—আশপাশের অনেক ঠিকানাতেও ধানমন্ডির নাম জুড়ে যেতে দেখি।
রবিন মিয়ার দোকানে একদিন একটি আবাসন বিজ্ঞাপন দেখিয়ে জিজ্ঞেস করি, এই জায়গাটিও কি ধানমন্ডি?
তিনি তাকিয়ে বলেন—
—ধানমন্ডি তো এখন অনেক বড়, বস।
কত বড়?
সেটির উত্তর তার কাছে নেই। আমার কাছেও নেই।
কিন্তু মজার বিষয় হলো, এই ধানমন্ডি একসময় আরও কয়েকটি পুরোনো জায়গার জমি নিয়ে তৈরি হয়েছিল। শুক্রাবাদ, ঈদগাহ, তালেপরবাগ, সরাই জাফরাবাদ—এসবের নিজস্ব পরিচয় ছিল। পরিকল্পিত আবাসিক এলাকা হওয়ার পর নতুন পরিচয় হলো ধানমন্ডি।
এখন সেই ধানমন্ডির নাম আবার চারপাশের জায়গাগুলোর পরিচয়ের ওপর ছড়িয়ে পড়ছে।
রায়েরবাজারের নিজস্ব ইতিহাস আছে। হাজারীবাগের আছে চামড়াশিল্প, শ্রমজীবন আর পরিবেশের দীর্ঘ গল্প। কলাবাগান ও শুক্রাবাদেরও নিজস্ব পরিচয়। তাদের সবাইকে ধানমন্ডি বলে ডাকলে হয়তো ঠিকানার সামাজিক মূল্য বাড়ে। কিন্তু পুরোনো নামগুলোর কী হবে?
ঢাকায় ঠিকানাও এখন একধরনের আকাঙ্ক্ষা।
একসময় ধানমন্ডির জমি নিতে অনেকে রাজি ছিলেন না। এখন ধানমন্ডির নামটি নিতে অনেকের আগ্রহ।
জায়গাটির একটি পরিচয় তৈরি হতে যত সময় লেগেছিল, সেই পরিচয় বিক্রি হতে সম্ভবত তার চেয়ে কম সময় লাগছে।
তবে শুধু আবাসন ব্যবসাকে দোষ দিয়ে লাভ নেই। ধানমন্ডির প্রয়োজনও বেড়েছে।
একসময় এখানে বাস করতেন অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের মানুষ। এখন প্রতিদিন হাজার মানুষ আসেন। স্কুল-কলেজ, হাসপাতাল, অফিস, রেস্তোরাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান—ধানমন্ডিতে আসার কারণের অভাব নেই।
ছায়ানট আছে। অ্যালিয়ঁস ফ্রঁসেজ আছে। শিল্পকলা, সংগীত, সাহিত্য আর চলচ্চিত্র নিয়ে দীর্ঘদিনের আড্ডার ইতিহাস আছে। লেকের ধারে তরুণেরা বসেন। কোনো শিশুর প্রথম গানের ক্লাস হয় এখানে। কেউ চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। কেউ অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে আসেন।
একসময় ধানমন্ডির পরিচয় ছিল এখানে কারা থাকেন।
এখন ধানমন্ডির পরিচয় জানতে হলে প্রশ্ন করতে হয়, কারা এখানে আসেন।
রবিন মিয়ার মতো আরও কত মানুষের দিন কাটে এই পাড়ায়। কেউ রেস্তোরাঁয় কাজ করেন, কেউ হাসপাতালে, কেউ গাড়ি নিয়ে অপেক্ষা করেন রাস্তার পাশে। তাঁদের অনেকের বাড়ি অন্য কোথাও। ধানমন্ডিতে আসেন জীবিকার জন্য।
আমারও এখন সেই অবস্থা।
একসময় এখানে থাকার স্বপ্ন দেখতাম। এখন দিনের বড় একটা অংশ কাটে কাজের প্রয়োজনে। ছাত্রজীবনে যে নির্জন দুপুরের প্রেমে পড়েছিলাম, তার অনেকখানিই হারিয়ে গেছে। অথচ এই ব্যস্ততার মধ্যেই এখন আমার নিজের জীবন।
নগরযাপন

অথচ সেদিন খেলার চেয়ে বেশি কথা হয়েছিল বাড়িঘর নিয়ে।
তাদের পুরোনো বাড়ি। আশপাশের খোলামেলা পরিবেশ। একতলা-দোতলা বাড়ির মাঝখানে বড় বড় গাছ। আকাশ।
নিজেদের পুরোনো বাড়ির জায়গায়ও ততদিনে উঠেছে বহুতল দালান। সেই বাড়িতে বসেই সাবের ভাই বলেছিলেন—
—এখন এত উঁচু ভবন যে আর আকাশ দেখা যায় না।
কথাটি মনে ছিল। তখন বুঝিনি, একদিন সেটিই ধানমন্ডি নিয়ে আমার সবচেয়ে স্থায়ী স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে।
একজন মানুষ নিজের পুরোনো বাড়ির জায়গায় তৈরি নতুন ভবনে বসে আকাশ না দেখতে পাওয়ার আফসোস করছেন। অদ্ভুত!
সাবের ভাইয়ের নিজের জীবন কেটেছে মাঠে মাঠে। তার কাছে খোলা জায়গা মানে শুধু জায়গা নয়। সেখানে দৌড়ানো যায়। বল মারা যায়। ঘামে ভেজা জামা পরে বাড়ি ফেরা যায়। বন্ধুর সঙ্গে ঝগড়া করে পরদিন আবার একসঙ্গে খেলা যায়।
সেই মানুষটির চোখের সামনে ধানমন্ডির মাঠ ছোট হয়েছে, বাড়ি উঁচু হয়েছে, আকাশের পরিমাণ কমেছে।
অথচ তার শৈশবের ধানমন্ডিও কিন্তু একদিনের নতুন শহর।
আরও পুরোনো ধানমন্ডিতে যেতে হলে ফিরে যেতে হয় এমন একটি সময়ে, যখন এখানে ধানমন্ডি নামে কোনো পরিকল্পিত আবাসিক এলাকাই ছিল না।
ছিল ধানমন্ডাই!
সাহিত্যিক সমরেশ বসুর শৈশবের স্মৃতিতে সেই ধানমন্ডাইয়ের মাঠ আছে। ত্রিশের দশকের ঢাকা। এক্রামপুরে ছেলেবেলার কিছুদিন কাটিয়েছেন তিনি। সেখান থেকে ধানমন্ডাই ছিল বেশ দূর। বিরাট মাঠ। ফুটবল খেলা হতো। কলকাতা থেকে দল আসত। বড় রাজনৈতিক সভা বসত। ছোটদের একা যাওয়ার অনুমতি ছিল না। বড়দের সঙ্গে যেতে হতো।
এখন ধানমন্ডিতে দাঁড়িয়ে এত বড় মাঠ কল্পনা করাও কঠিন।
যে জায়গায় একটি ভবনের জানালা খুললে অন্য ভবনের বারান্দা দেখা যায়, সেখানে একসময় কলকাতা থেকে ফুটবল দল এসে খেলেছে। খেলা দেখতে শহরের অন্য প্রান্ত থেকে মানুষ এসেছেন।
তখনও বাড়িতে নম্বর লাগেনি। রাস্তার নম্বর হয়নি। ধানমন্ডি-এক, ধানমন্ডি-সাতাশ, বত্রিশ—এসব পরিচয়ের জন্ম হয়নি।
ছিল ধানক্ষেত, জলাভূমি, ছড়িয়ে থাকা বসতি। ধানমন্ডাই নামটির সঙ্গেও ধানের সম্পর্কের কথা বলা হয়। ধানের মন্ডি বা বাজার থেকে ধানমন্ডাই, তারপর ধানমন্ডি—এ ব্যাখ্যাটি প্রচলিত।
কিন্তু ধানক্ষেতেরও আগে এখানে মানুষের আসা-যাওয়া ছিল।
সাতমসজিদ রোড ধরে হাঁটতে গিয়ে ধানমন্ডি শাহি ঈদগাহের সামনে দাঁড়াই।
চারপাশে দোকানপাট। গাড়ির হর্ন। ভবন। মাঝখানে প্রায় চার শ বছরের পুরোনো একটি স্থাপনা।
১৬৪০ সালে শাহ সুজার দেওয়ান মীর আবুল কাসেম ঈদগাহটি নির্মাণ করেছিলেন।
তখনকার ঢাকা আজকের ধানমন্ডি পর্যন্ত এসে পৌঁছায়নি। শহরের বাইরে খোলা জায়গায় ঈদের নামাজ পড়তে আসতেন মানুষ। পরে এখানে মেলা বসত বলেও পুরোনো বিবরণে পাওয়া যায়।
মনে হয়, চার শ বছর আগের কোনো ঈদের সকালে দাঁড়িয়ে আছি। শহর থেকে মানুষ আসছেন। সঙ্গে শিশুরা। নামাজ শেষ হবে। কেউ মেলায় যাবেন। কেউ বাড়ি ফিরবেন। বিকেল নামলে আবার ফাঁকা হয়ে যাবে জায়গাটি।
অবশ্য এই দৃশ্যের মানুষগুলোকে আমি চিনি না। তাদের নাম জানি না। তাদের সংসারের খবরও জানি না। শুধু ঈদগাহটি জানে, এখানে কত মানুষের পায়ের ছাপ পড়েছে।
ঢাকায় ইতিহাসের একটি দুর্ভাগ্য আছে। পুরোনো স্থাপনাকে ধ্বংস না করেও অদৃশ্য করে ফেলা যায়। চারপাশে কয়েকটি উঁচু দালান তুললেই চলে।
শাহি ঈদগাহকে আজ খুঁজে নিতে হয়। অথচ একসময় সম্ভবত দূর থেকেই দেখা যেত।
ধানমন্ডির সঙ্গে ঢাকার সম্পর্ক এমনই। শহর যত এগিয়েছে, পুরোনো জায়গাগুলো তত ভেতরে ঢুকে গেছে।
পঞ্চাশের দশকে ধানমন্ডাইয়ের মাঠে আধুনিক আবাসিক এলাকা গড়ার পরিকল্পনা হলো।
দেশভাগের পর ঢাকা পূর্ববাংলার প্রশাসনিক কেন্দ্র। সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবীদের থাকার জায়গা দরকার। পুরোনো শহরের বাইরে প্রশস্ত রাস্তা, বড় প্লট, সামনে বাগান নিয়ে নতুন পাড়া তৈরি হবে।
ধানমন্ডি, তালেপরবাগ, ঈদগাহ, শুক্রাবাদ, শিবপুর, সরাই জাফরাবাদ, সরাই বেগমপুর—পুরোনো সাতটি মৌজার জমি নিয়ে পরিকল্পিত আবাসিক এলাকা।
এক হাজারের বেশি প্লট। বাড়ির সামনে বাগান। পাশ দিয়ে লেক। এমন রাস্তা, যেখানে দুপাশের বাড়ি পরস্পরের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে না।
অথচ তখন জমি নিতে অনেকে রাজি ছিলেন না।
শহর থেকে এত দূরে কে যাবে?
সরকারি কর্মকর্তাদের মধ্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। বিঘাপ্রতি পাঁচ হাজার টাকার মতো দাম। কারও কাছে সেটিও অপচয় মনে হয়েছিল। শহরের বাইরে জমি কিনে বাড়ি করবেন, তারপর বাজার করতে ছুটবেন নিউমার্কেটে। এত কষ্টের কী দরকার!
এখনকার ধানমন্ডির জমির দাম শুনলে সেই মানুষগুলো কী বলতেন, জানতে ইচ্ছে করে।
হয়তো নিজেদের বুদ্ধির প্রশংসা করতেন। অথবা যে বন্ধুটি জমি নিতে রাজি হননি, তার কথা ভেবে মনে মনে একটু হেসে নিতেন।
তবে পুরোনো ধানমন্ডির গল্প শুধু জমির দাম দিয়ে বোঝা যায় না।
বাড়িগুলোর নামও ছিল কী সুন্দর!
তরুপল্লব। ছায়াবীথি। আরণ্যক। তরুছায়া।
বাড়ির নামের মধ্যে মানুষ গাছ লাগিয়ে রাখতেন।
পনেরো-এ নম্বর সড়কের তরুছায়া বাড়িটির নামই যেমন পরিবারের মায়ের ডাকনাম থেকে। মায়ের নামের স্মৃতি ধরে রাখতে বাড়ির নাম। তার ব্যবহার করা আসবাবও যত্নে রেখে দেওয়া হয়েছে।
আজকাল বাড়ির নামেও পরিবর্তন এসেছে। নাম শুনলে কখনও বোঝা যায় না, এটি ঢাকার কোনো আবাসিক ভবন, নাকি বিদেশি কোনো সমুদ্রবন্দরের বিলাসবহুল হোটেল।
মন্দ কী! স্বপ্ন বদলাবে, নামও বদলাবে।
কিন্তু পুরোনো নামগুলোয় যে ছায়া ছিল, নতুন নামগুলোয় প্রায়ই তার বদলে উচ্চতা পাওয়া যায়।
ধানমন্ডির পুরোনো বাসিন্দা মেহেরুন নাহারের সঙ্গে কথা হয় একটি বহুতল ভবনের নিচে।
বয়স প্রায় সত্তর। তাদের একতলা বাড়ি পরে দোতলা হয়েছিল। এখন সেই জমিতে বহুতল। পরিবারের আলাদা ফ্ল্যাট। লিফট আছে। গাড়ি রাখার ব্যবস্থা আছে। আগের চেয়ে অনেক সুবিধা।
—আগে এত সুবিধা ছিল না, তিনি বলেন। তবে বাড়ির সামনে বসার জায়গা ছিল।
আমি জিজ্ঞেস করি, সেই জায়গার কথা মনে পড়ে?
—জায়গাটার না। মানুষগুলোর।
তার কথায় পুরোনো প্রতিবেশীদের কথা আসে। বিকেলে কারা হাঁটতে বেরোতেন। কোন বাড়িতে অতিথি এলে আশপাশের মানুষ টের পেতেন। কারও অসুখ হলে খবর পৌঁছাত। ঝগড়াও হতো। আবার দরকারে পাশের বাড়ির দরজায় কড়া নাড়তে অসুবিধা হতো না।
এখন একই ভবনে অনেক পরিবার। লিফটে দেখা হয়। অনেকের নাম জানা নেই।
—আগের বাড়িতে এত মানুষ ছিল না, কিন্তু মানুষরে বেশি চিনতাম।
কথাটি বলে তিনি হাসেন।
আমি জিজ্ঞেস করি, তাহলে পুরোনো বাড়িটাই ভালো ছিল?
—তা বলি নাই। এখনকার ছেলেমেয়েরা অত বড় বাড়ি সামলাবে কীভাবে? সবার আলাদা সংসার।
এই দ্বিধাই ধানমন্ডির আরেকটা পরিচয়।
একটি বাড়ি ভেঙে গেলে সেখানে দশটি পরিবারের থাকার ব্যবস্থা হয়। পুরোনো বাড়ির মালিকের সন্তানরা আলাদা ফ্ল্যাট পান। জমির মূল্য বাড়ে। পুরোনো বাড়ি মেরামতের চিন্তা থাকে না। নতুন জীবন শুরু হয়।
তবু বাড়ি ভাঙার সময় কেউ না কেউ দাঁড়িয়ে থাকেন। দেখেন, তার শৈশবের ঘরটি ভাঙছে। যে জানালায় দাঁড়িয়ে স্কুলের বাসের জন্য অপেক্ষা করতেন, সেটি আর নেই। যে উঠানে কোনো এক বিকেলে বাবার সঙ্গে ক্রিকেট খেলেছিলেন, সেখানেই নতুন ভবনের গাড়ি রাখার জায়গা হবে।
উন্নয়ন বললে ভুল হয় না। ক্ষয় বললেও পুরোটা বলা হয় না।
একই জমিতে কয়েক প্রজন্মের প্রয়োজন আলাদা হয়ে যায়। পুরোনো বাড়িটি শুধু সবাইকে একসঙ্গে ধরে রাখতে পারে না।
ইব্রাহিম সাবেরের পুরোনো বাড়ির কথা মনে পড়ে।
তিনি যখন আকাশের কথা বলেছিলেন, ততদিনে নিজের বাড়ির বদলে যাওয়াও দেখে ফেলেছেন। হয়তো তার কাছেও প্রশ্নটি ছিল এমন—আগের জীবনকে ভালোবেসে কি নতুন জীবনকে আটকে রাখা যায়?
এর উত্তর আমি জানি না।
হাঁটতে হাঁটতে লেকের কাছে আসি।
ধানমন্ডি লেকের বিকেলের চেহারা এক রকম। দুপুরের আরেক। রোদের মধ্যে কিছু মানুষ হাঁটছেন। কোনো তরুণ বেঞ্চে বসে ফোন দেখছেন। বাদাম বিক্রেতা হাঁটছেন ধীরে ধীরে। কয়েকটি শিশু পানির দিকে তাকিয়ে আছে।
এই লেকের সঙ্গেও আমার একটি ব্যক্তিগত স্মৃতি আছে।
একদিন আবাহনী ক্লাবের পুরোনো ভবনের ছাদে বসে আহমেদ সাজ্জাদুল আলম ববি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল।
দেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকা মানুষ, আমার আপনজন। কিন্তু সেদিন গল্পে ক্রিকেটের চেয়ে বেশি জায়গা নিয়েছিল ধানমন্ডি।
তার ছেলেবেলার লেক।
বলছিলেন, একসময় এখনকার রাসেল স্কয়ারের দিকেও বেদে সম্প্রদায়ের নৌকা ভিড়ত। এখানকার জল আশপাশের খাল-ঝিলের সঙ্গে যুক্ত ছিল। লেক তখন কেবল ঘুরতে আসার জায়গা নয়। নৌকা আসত। মানুষ থাকত। জলপথে জীবন চলত।
সেদিন তার মুখে কথাগুলো শুনতে শুনতে মনে হলো, যে জলকে এত দিন একটি সাজানো লেক বলে চিনেছি, তারও এক অন্য জীবন ছিল।
আজকের ধানমন্ডি লেক আসলে এক পুরোনো জলপ্রবাহের অবশিষ্ট। কারওয়ান বাজার নদীর একটি পরিত্যক্ত ধারা। আশপাশের খাল ও জলাভূমির সঙ্গে একসময় তার যোগাযোগ ছিল।
একসময় জল দিয়ে মানুষ যেত। এখন মানুষ জলের কাছে আসে।
পার্থক্য সামান্যই, কিন্তু দুই জীবন একেবারেই আলাদা।
ববি ভাইয়ের ছেলেবেলার নৌকা এখন নেই। লেকের পাড়ে বসে থাকা মানুষগুলোও হয়তো জানেন না, একসময় এখানে বেদে পরিবারের নৌকা ভিড়ত।
আর যে ছাদে বসে ববি ভাইয়ের মুখে গল্পটি শুনেছিলাম, সেই ছাদটিও নেই।
আবাহনীর পুরোনো ক্লাব ভবন ভেঙে ফেলা হয়েছে। নতুন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বদলে গেছে মাঠের চারপাশের চেহারা।
অদ্ভুত ব্যাপার!
একজন মানুষ একটি ছাদে বসে তার হারিয়ে যাওয়া শৈশবের গল্প বলছেন। কয়েক বছর পরে সেই ছাদটিই আর থাকছে না।
ববি ভাইয়ের স্মৃতিতে লেক ছিল। আমার স্মৃতিতে ক্লাবের ছাদ। দুজনের দেখা ধানমন্ডি আলাদা। হারিয়ে যাওয়ার সময়টিও আলাদা।
কিন্তু আবাহনীর গল্প শুধু সেই ছাদের নয়।
হারুনুর রশীদের কথা মনে পড়ে।
আবাহনীর ইতিহাসটা তার মুখেই শুনেছিলাম। দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘ সময়ের সাক্ষী। আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। ফুটবল ফেডারেশনেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার কাছে আবাহনীর ইতিহাস মানে শুধু গোল, জয়-পরাজয় বা ট্রফির হিসাব ছিল না। স্বাধীনতার পরের একটি দেশের নতুন স্বপ্নের কথাও ছিল।
১৯৭২ সালে আবাহনী ক্রীড়াচক্রের যাত্রা শুরু। এর আগে ছিল ইকবাল স্পোর্টিং ক্লাবের ইতিহাস। সেই শুরুর সময়ের মানুষ হারুনুর রশীদ। এরপর ফুটবল, ক্রিকেট, হকিতে আবাহনী বড় হয়েছে। একসময় আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে দেশের ক্রীড়াঙ্গনের আবেগ প্রায় দুই ভাগ হয়ে যেত।
হারুন ভাইয়ের কাছে সেই দিনগুলোর গল্প শুনেছি। তার স্মৃতির মধ্যে একটি ক্লাব বড় হচ্ছিল। আর ক্লাবের সঙ্গে সঙ্গে বড় হচ্ছিল স্বাধীন বাংলাদেশের খেলাধুলাও।
অথচ আবাহনীর মাঠের জায়গাটিতেও একসময় ইটভাটা ছিল। ষাটের দশকের পুরোনো ছবিতে দেখা যায় সেই চিহ্ন। পরে মাঠ হলো। ক্লাব হলো। খেলোয়াড় এলেন। দর্শক এলেন। একসময় জায়গাটি দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত ঠিকানা হয়ে উঠল।
ধানমন্ডাইয়ের মাঠ থেকে ইটভাটা। ইটভাটা থেকে আবার মাঠ। মাঠের পাশে ক্লাব। তারপর পুরোনো ক্লাব ভেঙে নতুন ভবনের আয়োজন।
একই জায়গার কত জীবন!
এই কদিন আগে হারুন ভাই মারা গেলেন। ১০ই নভেম্বর। আবাহনী ক্লাব প্রাঙ্গণেই তার জানাজা হলো।
খবরটি পড়ে কিছুক্ষণ থমকে ছিলাম।
যে মাঠের ইতিহাস একদিন তার মুখে শুনেছিলাম, সেই মাঠেই তার শেষ বিদায়ের আয়োজন। মাঝখানে কত বছর চলে গেল। মানুষটি নেই। যে পুরোনো ক্লাব ভবনের সঙ্গে তাঁর জীবনের এত স্মৃতি, সেটিও আর নেই।
মাঠ আছে।
এখনও সেখানে খেলাধুলার ইতিহাসের অনেক কিছু রয়ে গেছে। কিছু মানুষের নামও রয়ে গেছে, যারা না থাকলে মাঠটির পরিচয় হয়তো অন্য রকম হতো।
ইব্রাহিম সাবের নেই। হারুনুর রশীদও চলে গেলেন। ববি ভাইয়ের সঙ্গে গল্প করা ছাদটি নেই।
ধানমন্ডি অবশ্য কারও জন্য থেমে থাকেনি।
লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমি জাহাজবাড়ি খুঁজি। এখনও প্রতিবার।
প্রায় আঠারো বছর আগে প্রথম দেখেছিলাম। তখনও নতুন ঢাকার সঙ্গে পরিচয় হচ্ছে। এমন একটি বাড়ি দেখে অবাক না হয়ে উপায় ছিল না।
লেকের পাশে বাদামি-খয়েরি রঙের অদ্ভুত এক স্থাপনা। গম্বুজ, মিনার, জাহাজের মতো গড়ন। নদী নেই, সমুদ্র নেই, অথচ জাহাজ আছে।
বাড়িটিকে সুন্দর বলব কি না, তখনও ঠিক করতে পারিনি। এখনও পারি না। কিন্তু বিস্ময়কর ছিল। এতটাই যে ধানমন্ডির অন্য অনেক বাড়ির চেহারা ভুলে গেছি, জাহাজবাড়িরটি ভুলিনি।
বাড়িটির আসল নাম ছিল চিশতিয়া প্যালেস। ব্যবসায়ী এ কে এম আনোয়ারুল হক চৌধুরী নব্বইয়ের দশকের শুরুতে নির্মাণ করেছিলেন। ছোট-বড় মিলিয়ে ৩৭টি গম্বুজ ও মিনার।
একজন মানুষ নিজের বাড়িকে জাহাজের মতো বানাবেন কেন?
শুরুতে এটা জাহাজের মত ছিলও না।
বাড়িটির ভেতর থেকে একটা বড় সিঁড়ি নেমে গিয়েছিল ধানমন্ডি লেকের পানিতে। বাড়িটি যেন কোন রাজার প্রাসাদ। আর লেকটা যেন সেই রাজার ব্যক্তিগত তালাব।
বিগত শতাব্দির শেষভাগে লেকের ভেতের নেমে যাওয়া এই সিঁড়িটিকে অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করে দেয়ালের কিছু অংশসহ ভেঙে দেয় নগর কতৃপক্ষ। পরে দেয়ালের নকশা বদলে বাড়ির মালিক এটাকে দেন জাহাজের আদল।
সেই থেকে এটা জাহাজবাড়ি।
কিন্তু এমন আদল দিয়েছিলেন কেন বাড়িটির মালিক? হয়তো ভেঙে দেয়ার কারণে নষ্ট হওয়া সৌন্দর্য্য কিছুটা হলেও ফিরিয়ে আনার চেষ্টা। হয়ত কোনো ব্যাখ্যা নেই। কিংবা মানুষের কিছু শখ থাকে, যার সঙ্গে যুক্তির বিশেষ সম্পর্ক নেই। কেউ পুরোনো গাড়ি সংগ্রহ করেন। কেউ পাখি পোষেন। কেউ বাড়ির ছাদে বাগান করেন। তিনি ভাঙাগড়ার মধ্যে দিয়ে একটি জাহাজ বানিয়েছিলেন, যেটি কখনও পানিতে ভাসবে না।
মানুষ বাড়িটি দেখতে আসত। ছবি তুলত। লেকের পাশ থেকে তাকিয়ে থাকত।
তারপর বাড়িটির মালিক মারা গেলেন। পুরোনো ভবনে সমস্যা দেখা দিল। পরিবারের প্রয়োজন বদলাল। ২০১৫ সালে বাড়িটি ভাঙা শুরু হলো।
সেই জায়গায় এখন বহুতল ভবন।
নাম চিশতিস ইয়ট।
জাহাজটি আর নেই। নামের মধ্যে তার স্মৃতি রেখে দেওয়া হয়েছে।
ধানমন্ডির অন্য অনেক বাড়ির ভাগ্যে সেটুকুও জোটেনি।
কোনো পুরোনো বাড়ির জায়গায় নতুন ভবন উঠেছে। বাড়ির নামফলক সরে গেছে। কোনো ভবন স্কুল হয়েছে। কোথাও হাসপাতাল। কোথাও অফিস। পুরোনো বাসিন্দাদের কেউ মারা গেছেন, কেউ বিদেশে। উত্তরাধিকারীদের কেউ কেউ আর সেই বাড়িতে থাকেন না।
একটি বাড়ির জায়গায় অনেক বাড়ি হয়েছে। অথচ আগের বাড়িটির নাম আর কেউ জানেন না।
এই শহরে মানুষ কখনও কখনও বাড়ির চেয়ে বেশি দিন বাঁচেন। আবার কোনো কোনো বাড়ি তার বাসিন্দাদের চেয়েও বেশি দিন বেঁচে থাকে।
জাহাজবাড়ি দুটোর কোনোটিই পারেনি।
তবে সব পুরোনো বাড়ি রেখে দেওয়াই সমাধান, এমনও নয়। শহরে মানুষের সংখ্যা বাড়ছে। থাকার জায়গা দরকার। একটি বাড়ির জায়গায় বহুতল হলে অনেক পরিবারের আশ্রয় হয়। পুরোনো বাড়ির মালিকের সন্তানদেরও আলাদা সংসারের প্রয়োজন আছে।
শুধু প্রশ্ন থেকে যায়, একটি বাড়ির জায়গায় দশটি পরিবার থাকার ব্যবস্থা করলে তাদের জন্য দশ গুণ বেশি খেলার জায়গা, হাঁটার পথ কিংবা গাছও কি তৈরি হয়?
ধানমন্ডি অবশ্য শুধু ওপরের দিকে বাড়েনি। চারদিকেও বেড়েছে।
একসময় মিরপুর রোড আর সাতমসজিদ রোডের মাঝের পরিকল্পিত আবাসিক এলাকাটিই ছিল ধানমন্ডি। বাড়ির মতো রাস্তাগুলোরও নিজস্ব পরিচয় ছিল। এক নম্বর, সাতাশ নম্বর, বত্রিশ নম্বর।
বত্রিশ নম্বরের বাড়িটি অবশ্য শুধু একটি বাড়ি হয়ে থাকেনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও অংশ হয়ে উঠেছিল।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাসভবন। স্বাধীনতার আগে-পরে রাজনীতির গুরুত্বপূর্ণ ঠিকানা। ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের স্থান। পরে স্মৃতি জাদুঘর। সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতে সেই ভবনটিও ধ্বংসস্তুপ।
ধানমন্ডির অন্য বাড়িগুলো যেখানে জমির দাম কিংবা উত্তরাধিকারীদের প্রয়োজনে বদলেছে, এই বাড়িটির ভাগ্য নির্ধারিত হয়েছে রাজনীতি ও ইতিহাসকে ঘিরে সংঘাতে।
কোনো কোনো বাড়ি এত মানুষের স্মৃতির অংশ হয়ে যায় যে তার ইতিহাস আর শুধু বাড়ির মালিকের থাকে না।
ধানমন্ডির সীমানার কথায় ফিরি।
এখন ধানমন্ডি উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে। কলাবাগান, শুক্রাবাদ, রায়েরবাজার, হাজারীবাগ—আশপাশের অনেক ঠিকানাতেও ধানমন্ডির নাম জুড়ে যেতে দেখি।
কোথাও কাছাকাছি থাকার সুবিধায়। কোথাও পরিচিতির কারণে। কোথাও হয়তো ফ্ল্যাটের দাম বাড়ানোর আশায়।
রবিন মিয়ার দোকানে একদিন একটি আবাসন বিজ্ঞাপন দেখিয়ে জিজ্ঞেস করি, এই জায়গাটিও কি ধানমন্ডি?
তিনি তাকিয়ে বলেন—
—ধানমন্ডি তো এখন অনেক বড়, বস।
কত বড়?
সেটির উত্তর তার কাছে নেই। আমার কাছেও নেই।
কিন্তু মজার বিষয় হলো, এই ধানমন্ডি একসময় আরও কয়েকটি পুরোনো জায়গার জমি নিয়ে তৈরি হয়েছিল। শুক্রাবাদ, ঈদগাহ, তালেপরবাগ, সরাই জাফরাবাদ—এসবের নিজস্ব পরিচয় ছিল। পরিকল্পিত আবাসিক এলাকা হওয়ার পর নতুন পরিচয় হলো ধানমন্ডি।
এখন সেই ধানমন্ডির নাম আবার চারপাশের জায়গাগুলোর পরিচয়ের ওপর ছড়িয়ে পড়ছে।
রায়েরবাজারের নিজস্ব ইতিহাস আছে। হাজারীবাগের আছে চামড়াশিল্প, শ্রমজীবন আর পরিবেশের দীর্ঘ গল্প। কলাবাগান ও শুক্রাবাদেরও নিজস্ব পরিচয়। তাদের সবাইকে ধানমন্ডি বলে ডাকলে হয়তো ঠিকানার সামাজিক মূল্য বাড়ে। কিন্তু পুরোনো নামগুলোর কী হবে?
ঢাকায় ঠিকানাও এখন একধরনের আকাঙ্ক্ষা।
একসময় ধানমন্ডির জমি নিতে অনেকে রাজি ছিলেন না। এখন ধানমন্ডির নামটি নিতে অনেকের আগ্রহ।
জায়গাটির একটি পরিচয় তৈরি হতে যত সময় লেগেছিল, সেই পরিচয় বিক্রি হতে সম্ভবত তার চেয়ে কম সময় লাগছে।
তবে শুধু আবাসন ব্যবসাকে দোষ দিয়ে লাভ নেই। ধানমন্ডির প্রয়োজনও বেড়েছে।
একসময় এখানে বাস করতেন অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের মানুষ। এখন প্রতিদিন হাজার মানুষ আসেন। স্কুল-কলেজ, হাসপাতাল, অফিস, রেস্তোরাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান—ধানমন্ডিতে আসার কারণের অভাব নেই।
ছায়ানট আছে। অ্যালিয়ঁস ফ্রঁসেজ আছে। শিল্পকলা, সংগীত, সাহিত্য আর চলচ্চিত্র নিয়ে দীর্ঘদিনের আড্ডার ইতিহাস আছে। লেকের ধারে তরুণেরা বসেন। কোনো শিশুর প্রথম গানের ক্লাস হয় এখানে। কেউ চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। কেউ অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে আসেন।
একসময় ধানমন্ডির পরিচয় ছিল এখানে কারা থাকেন।
এখন ধানমন্ডির পরিচয় জানতে হলে প্রশ্ন করতে হয়, কারা এখানে আসেন।
রবিন মিয়ার মতো আরও কত মানুষের দিন কাটে এই পাড়ায়। কেউ রেস্তোরাঁয় কাজ করেন, কেউ হাসপাতালে, কেউ গাড়ি নিয়ে অপেক্ষা করেন রাস্তার পাশে। তাঁদের অনেকের বাড়ি অন্য কোথাও। ধানমন্ডিতে আসেন জীবিকার জন্য।
আমারও এখন সেই অবস্থা।
একসময় এখানে থাকার স্বপ্ন দেখতাম। এখন দিনের বড় একটা অংশ কাটে কাজের প্রয়োজনে। ছাত্রজীবনে যে নির্জন দুপুরের প্রেমে পড়েছিলাম, তার অনেকখানিই হারিয়ে গেছে। অথচ এই ব্যস্ততার মধ্যেই এখন আমার নিজের জীবন।
অফিসের দিকে ফিরি। দুপুর গড়িয়ে বিকেল। রবিন মিয়ার দোকানে তখনও চায়ের কেটলি চড়ানো। রাস্তার ভিড় কমেনি।
মাথা তুলে দেখি, দুটি বহুতল ভবনের মাঝখানে সামান্য আকাশ।
ইব্রাহিম সাবেরের কথা মনে পড়ে। নিজের পুরোনো বাড়ির জায়গায় নতুন ভবনে বসে আকাশ দেখতে না পাওয়ার আফসোস করেছিলেন মানুষটি।
আমি তো কোনো বাড়ি হারাইনি। তবু কেন যেন মনে হয়, আমার চেনা ধানমন্ডিরও কোথাও একটু অভাব পড়ে গেছে।
এমন সময় পেছন থেকে ঘণ্টির শব্দ আসে।
টুং টুং।
একটি পুরোনো প্যাডেল রিকশা। সামনে ইঞ্জিনচালিত রিকশার সারি। চালক ঘণ্টি বাজিয়ে পথ চাইছেন। কেউ সরে না। তিনি আবার বাজান।
টুং টুং।
একসময় ধানমন্ডির দুপুরে এই শব্দের পর নীরবতা নামত।
এখন শব্দটির পর আরও শব্দ আসে।
আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি। রিকশাটি আমার সামনে দিয়ে এগিয়ে যায়। রোদে পুড়ে গাঢ় হয়ে যাওয়া মুখ। কপালে ঘাম।
এক মুহূর্তের জন্য আমাদের চোখাচোখি হয়।
তারপর তিনি সামনের দিকে তাকান।
তাঁর তো কোথাও পৌঁছাতে হবে।
আর আমি যে ধানমন্ডিতে একদিন থাকতে চেয়েছিলাম, সেই ধানমন্ডির দুপুর খুঁজতে খুঁজতে আবার অফিসে ফিরি।
পেছনে ঘণ্টি বাজে।
শহরটি শোনে কি না, বুঝতে পারি না।