সিমেন্স করেছিল হাঁড়ি-পাতিলের ব্যবসাও 

সিমেন্সের গল্পের শুরু আছে, শেষ নেই। প্রযুক্তি দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখা, দুই বিশ্বযুদ্ধের টালমাটাল অবস্থা থেকে আবার নিজেকে খুঁজে পাওয়া, ভুল করে আবার সেখান থেকে বেরিয়ে আসা, সময়ের প্রয়োজনে নিজেকে বদলে ফেলা এমনকি ব্যবসার প্রয়োজনে মোবাইল ফোনকেও বিসর্জন দেওয়া প্রতিষ্ঠান যেন একটি দুর্দান্ত ইতিহাস।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

সুকান্ত ভট্টচার্যের ‘রানার’ কবিতার কথা মনে পড়ে?

রাতের আঁধারে লণ্ঠন হাতে, পিঠে খবরের বোঝা নিয়ে দিগন্ত থেকে দিগন্ত ছুটে চলছে রানার। যার ব্যাগ ভরা ছিল চিঠি। যে চিঠিতে লেপটে আছে মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-বিরহ কিংবা গুরুত্বপূর্ণ কত খবর। 

“জানা-অজানার
বােঝা আজ তার কাঁধে,
বােঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;
রানার চলেছে, বুঝি ভাের হয় হয়,
আরাে জোরে, আরাে জোরে, এ রানার দুর্বার দুর্জয়।”

খুব বেশি না, বাংলাদেশে ২৫-৩০ বছর আগেও চিঠির প্রচলন ছিল। ডাকপিয়নের হাত ধরে ঝড়-বৃষ্টি-বন্যা কিংবা সাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত বার্তা পৌঁছাতো মানুষের হাতে। যুগ আধুনিক হয়ে চিঠি হারিয়ে পড়েছে প্রায়। 

মোবাইল ফোনের আলোর ঝলকানিতে চলে আসে এসএমএস। কিংবা ইমেইল বা ম্যাসেঞ্জার সার্ভিসে মুহূর্তেই চলে আসে আপনজনের বার্তা। 

এক সময় এ পৃথিবীতে চিঠির পর এসেছিল টেলিফোন। তারও আদিরূপ হিসাবে চলন ছিল টেলিগ্রাফের। 

ভারতবর্ষে ১৮৫৪ সাল ভারতের প্রধান শহর কলকাতা, বোম্বে, মাদ্রাজ, আগ্রার মধ্যে টেলিগ্রাফ চালু হয়। আর স্থল পথে আন্তর্জাতিক টেলিগ্রাফ লাইন চালু হয় ১৮৭০ সালে। 

আন্তর্জাতিক সংযোগ তৈরিতে কাজ করেছিল টেক জায়ান্ট সিমেন্স। একসময় সিমেন্স অত্যন্ত প্রতিষ্ঠিত টেক কোম্পানি হিসাবে পরিচিতি ছিল বিশ্বে। এখনও আছে, তবে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে অনেক জায়গাতেই পিছিয়ে পড়েছে। অথচ বাংলাদেশে কয়েকদশক আগেও তাদের মোবাইল ফোনের জনপ্রিয়তা ছিল। 

এই সিমেন্স কবে এবং কীভাবে শুরু হলো? কারা শুরু করলো? কীভাবে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লো প্রতিষ্ঠানটি? কেন তাদের মোবাইল ফোনটি হঠাৎ বাজার থেকে হারিয়ে গেলো? 

আজকের গল্প সিমেন্স।  

উদ্ভাবকের শৈশব কেমন ছিল 

জার্মানির বার্লিনের ছোট্ট এক কারখানা থেকে যাত্রা শুরু করে সিমেন্স। সময়টা ১৮৪৭। সিমেন্স প্রতিষ্ঠা করেন ভের্নার ফন সিমেন্স। 

প্রতিষ্ঠাতা ভের্নার ফন সিমেন্সের জন্ম ১৮১৬ সালের ১৩ই ডিসেম্বর জার্মানিতে। বাবা ক্রিশ্চিয়ান ফার্দিনান্দ ছিলেন বর্গাচাষী। 

ভের্নার ফন সিমেন্স এবং যে বাড়িতে যাত্রা শুরু করেছিল তার প্রতিষ্ঠান

কৃষকের কাজ করলেও ভের্নারের পরিবার দরিদ্র ছিল না। মধ্যবিত্ত পরিবারের মতো টানাটানির জীবন। 

সংসার সামাল দিতে হিমশিম খেতেন বাবা। খামারের ভাড়া বাকি পড়ায় ১৮২৩ সালে তাদের পরিবার শহর থেকে চলে যায় গ্রামে। 

১৮৩৯ সালে মা এবং ১৮৪০ সালে বাবা মারা যান। তখন ভের্নার ফনের বয়স মাত্র ২৩ বা ২৪। পরিবারে সদস্য সংখ্যা বেশি। কারণ ভাই-বোনরা মিলে ১০ জন। 

ছোটবেলায় পড়াশোনা শুরু হয় দাদির কাছে। ভের্নারের জীবনের গতি বদলায় একজন গৃহশিক্ষকের হাত ধরে। তার নাম ক্রিস্টোফ স্পনহোলজ। ওই শিক্ষকই তার ভেতর উচ্চাকাঙ্ক্ষার বীজ পুতে দেন। 

ভের্নার মনে মনে ভাবতে থাকেন টানাটানির সংসারের মোড় ঘোরাতে প্রয়োজন জ্ঞান অর্জন। স্কুল জীবনে ছোটবেলা থেকেই তার গণিত ও ছবি আঁকার প্রতি ছিল তীব্র আগহ। তবে নানান সংকটে ১৮৩৪ সালে ডিপ্লোমা শেষ না করেই ছাড়েন স্কুল। 

প্রকৌশল বিদ্যায় পারদর্শী, পেলেন প্রথম পেটেন্ট 

ভের্নারের ইচ্ছে ছিল স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করবেন। কিন্তু বাবার পক্ষে পড়াশোনার খরচ চালানো সম্ভব ছিল না। তখন লুবেকের এক শিক্ষকের পরামর্শে বিনা খরচে বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যা শেখার আশায় ১৮৩৪ সালে ১৭ বছর বয়সে তিনি প্রুশিয়ান সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেন। 

১৮৩৫ সালে তিনি বার্লিনের আর্টিলারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়ার সুযোগ পান। সেখানে বার্লিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে তিন বছর পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের ওপর পড়াশোনা করেন। ইতিহাস বলছে, এখান থেকেই বিজ্ঞানের প্রতি তার ভালোবাসার সূত্রপাত, সেই জোরেই হয়ে ওঠেন প্রকৌশলী। 

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসাবে চাকরির সময় নিজের বাসাতেই করতেন বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা। ১৮৪২ সালে তিনি ‘গ্যালভানিক গিল্ডিং’ পদ্ধতির জন্য জীবনের প্রথম পেটেন্ট অর্জন করেন। 

গ্যালভানিক গিল্ডিং হলো বিদ্যুৎ ব্যবহার করে কোনো ধাতুর ওপর সোনার আস্তরণ তৈরি করা। অর্থাৎ বিদ্যুতের সাহায্যে কোনো ধাতব বস্তুর ওপর সোনার পাতলা প্রলেপ দেওয়ার একটি প্রক্রিয়া। এই পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। 

যেভাবে হয়ে উঠলেন ব্যবসায়ী

ভের্নারের বয়স তখন ৩০। 

ভাবলেন বিচ্ছিন্নভাবে গবেষণা না করে একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি। ১৮৪৬ সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। ব্রিটিশ টেলিগ্রাফের চেয়েও উন্নত ‘পয়েন্টার টেলিগ্রাফ’ তৈরি করেন। যদিও পয়েন্টার টেলিগ্রাফ তারও নয় বছর আগে দুই ইংরেজ চার্লস হুইটস্টোন এবং উইলিয়াম ফদারগিল কুক আবিষ্কার করেন। ভের্নার একটি উন্নত সংস্করণ তৈরি করেন। 

ভের্নার মূলত দুটি টেলিগ্রাফ যন্ত্রের মধ্যে বৈদ্যুতিক সমন্বয় তৈরি করেছিলেন। ভের্নারের পয়েন্টার টেলিগ্রাফ অনেক বেশি নির্ভুলভাবে কাজ করতো।  

এই পয়েন্টার কীভাবে কাজ করতো সেটাও জানা দরকার। তার তৈরি পয়েন্টারের গোল চাকতির চারপাশে ঘড়ির সংখ্যার বদলে বর্ণমালার অক্ষরগুলো সাজানো থাকতো। প্রতি অক্ষরের ঠিক পাশেই একটি করে ছোট বোতাম থাকতো। 

ভের্নারের পয়েন্টার টেলিগ্রাফ

ধরা যাক, কেউ ‘HELLO’ লিখতে চান। প্রথমে ডায়ালের চারপাশ থেকে ‘H’ অক্ষরটি খুঁজে তার পাশের বোতামটি আঙুল দিয়ে চেপে ধরতে হতো। 

এরপর কাঁটা থামার জন্য অপেক্ষা করতে হতো। বোতামটি চাপার সাথে সাথে তারের ভেতর বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যেত। অপর প্রান্তের গ্রাহকের যন্ত্রের কাঁটাটি ঘুরে গিয়ে ‘H’ অক্ষরের ওপর থেমে যেত।

কাঁটাটি H-এর ওপর থামার পর সেই বোতামটি ছেড়ে দিয়ে E অক্ষরের বোতামটি প্রেস করতে হতো। এভাবে পর্যায়ক্রমে অপর প্রান্তের ব্যক্তি কাঁটার নড়াচড়া দেখে বুঝে নিতে পারতো তাকে বলা হচ্ছে ‘HELLO’।

পয়েন্টার তৈরির জন্য ১৮৪৭ সালের শুরুতে তিনি যন্ত্রকৌশলী জোহান গেয়র্গ হালস্কের সাথে যুক্ত হন। তাদের দুজনেরই অর্থের অভাব ছিল।  

তাই ভের্নারের চাচাতো ভাই এবং আইনজীবী জোহান গেয়র্গ সিমেন্স বড় অঙ্কের ঋণ দিয়ে অংশীদার হন। ১৮৪৭ সালের ১লা অক্টোবর বার্লিনে তারা ‘টেলিগ্রাফেন-বাউআনস্টাল্ট ফন সিমেন্স উন্ড হালস্কে’ প্রতিষ্ঠান তৈরি করেন। বর্তমান জমানায় ওই প্রতিষ্ঠানটির নামই সিমেন্স। 

সামরিক বাহিনীর টেলিগ্রাফ কমিশনে কাজ করার সুযোগে তিনি বার্লিন থেকে ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত দীর্ঘ ভূগর্ভস্থ টেলিগ্রাফ লাইন বসানোর কাজ পান। যেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার রাবার-জাতীয় পদার্থ ‘গাটা-পার্চা’ দিয়ে তার ইনসুলেট করার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেন। ১৮৪৯ সালে সেনাবাহিনী থেকে পদত্যাগ করে তিনি পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে কোম্পানিতে যোগ দেন।

জার্মানিতে সরকারি কাজের চুক্তি সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে ভের্নার আন্তর্জাতিক বাজারের দিকে নজর দেন। 

দেশীয় বাজার সীমিত হয়ে পড়ায় ভের্নারের নজর পড়ে আন্তর্জাতিক বাজারে। আর তাই ছোট উইলিয়ামকে নিয়ে লন্ডনে এবং আরেক ভাই কার্লকে দিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সিমেন্সের শাখা শুরু করেন। 

রাশিয়ায় ক্রিমিয়ার যুদ্ধের সময় টেলিগ্রাফ লাইন তৈরি, ১৮৬৬ সালে ডায়নামো মেশিন আবিষ্কার এবং ১৮৭০ সালে লন্ডন থেকে কলকাতা পর্যন্ত ‘ইন্দো-ইউরোপীয় টেলিগ্রাফ লাইন’ স্থাপনের মাধ্যমে ভের্নার সিমেন্সকে বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেন।

ভারতে সিমেন্সের মেগা প্রজেক্ট 

ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় উপনিবেশ ছিল ভারত। স্থলপথে বা ডাকযোগে লন্ডন থেকে ভারতের চিঠি বা বার্তা পৌঁছাতে সময় লাগতো ৪৪ দিন। এই সময় কমিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে দুই মহাদেশের যোগাযোগ তৈরির দায়িত্ব পায় সিমেন্স। 

ইন্দো-ইউরোপীয় টেলিগ্রাফ লাইনের কাজ শুরু হয় ১৮৬৮ সালে। ভের্নার ফন সিমেন্সের নেতৃত্বে সিমেন্স তাদের প্রথম বড় আন্তর্জাতিক মেগাপ্রজেক্ট হিসেবে লন্ডন থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত ইন্দো-ইউরোপীয় টেলিগ্রাফ লাইন নির্মাণের কাজ শুরু করে।

পুরো রুটের মধ্যে সিমেন্স মূলত পশ্চিম প্রুশিয়ার থর্ন থেকে ইরানের রাজধানী তেহরান পর্যন্ত ৪ হাজার ৬০০ কিলোমিটার অংশের দায়িত্ব নিয়েছিল। এই সুবিশাল সংযোগ তৈরির জন্য দুর্গম অঞ্চলে প্রায় ৭০ হাজার টেলিগ্রাফ খুঁটি স্থাপন করা হয়।

ভের্নার ফন সিমেন্সের নেতৃত্বে সিমেন্স তাদের প্রথম বড় আন্তর্জাতিক মেগাপ্রজেক্ট হিসেবে লন্ডন থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত ইন্দো-ইউরোপীয় টেলিগ্রাফ লাইন নির্মাণের কাজ শুরু করে।

বিভিন্ন দেশের ভূখণ্ড অতিক্রম করার কারণে এই প্রকল্প বাস্তবায়নে ইরান ও রুশ সরকারের সাথে কূটনৈতিক আলোচনা করতে হয়েছিল। এছাড়া অতিরিক্ত প্রতিকূল আবহাওয়া এবং ডাকাতদের মাধ্যমে সরঞ্জাম চুরির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ সম্পন্ন করা হয়েছিল।

অবশেষে ১৮৭০ সালের ১২ই এপ্রিল সিমেন্স প্রমাণ করে দেখায় ১১ হাজার কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে লন্ডন থেকে পাঠানো একটি টেলিগ্রাম বার্তা মাত্র ২৮ মিনিটে কলকাতায় পৌঁছাতে পারে।

সিমেন্সের নথিপত্রে পাওয়া যায়, তাদের তৈরি লাইনটি ১৯৩১ সাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে সচল ছিল।

টেলিযোগাযোগ ব্যবস্থার জায়ান্ট 

বিশ্বের টেলিযোগাযোগের ইতিহাসে সাবমেরিন কেবল এবং টেলিফোন প্রযুক্তির উদ্ভাবনে সিমেন্স এক যুগান্তকারী প্রতিষ্ঠান। সমুদ্রের তলদেশে বা মাটির নিচে ক্যাবল টেকসই রাখার জন্য তারের ওপর একটি রাবারজাতীয় পদার্থ দিয়ে বিশেষ আবরণ তৈরি করে সিমেন্স। এই আবরণ ক্যাবলকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতো। তাদের এই পদ্ধতি দূরপাল্লার ক্যাবেল তৈরিতে শীর্ষে নিয়ে যায়। 

১৮৫৭ সালে ভূমধ্যসাগরে (সার্দিনিয়া থেকে আলজেরিয়া) প্রথম সাবমেরিন কেবল স্থাপনের কাজ শুরু হয়। 

১০৮ মিটার দীর্ঘ বিশেষ সমুদ্রগামী কেবল জাহাজ ’ফ্যারাডে’

যেখানে সমুদ্রের তলদেশে ক্যাবল লাইন টানার প্রযুক্তি উন্নত করা হয়। এরপর ১৮৫৯ সালে মিসর থেকে ভারত পর্যন্ত লোহিত সাগরের তলদেশে এবং ১৮৬৪ সালে স্পেনের কার্টাজেনা থেকে আলজেরিয়ার ওরান পর্যন্ত সাবমেরিন কেবল স্থাপনের কাজ করে সিমেন্স। 

১৮৭৪ সালে ভের্নানের ভাই উইলিয়াম সিমেন্স ১০৮ মিটার দীর্ঘ বিশেষ সমুদ্রগামী কেবল জাহাজ 'ফ্যারাডে' ডিজাইন করেন।  

এই জাহাজের সাহায্যে ১৮৭৫ সালে আয়ারল্যান্ড থেকে উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত আটলান্টিক মহাসাগরের তলদেশে অত্যন্ত দুর্গম পরিস্থিতিতে ক্যাবল স্থাপন করে। 

১৯ শতকের শেষ নাগাদ সিমেন্স আটলান্টিক মহাসাগরে এমন আরও ৯টি সাবমেরিন কেবল স্থাপন করেছিল।

আধুনিক নকশার টেলিফোন 

আলেক্সান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন ১৮৭৬ সালে। 

এর এক বছর পরই ১৮৭৭ সালে সিমেন্স টেলিফোন তৈরি শুরু করে। পরে ১৮৭৮ সালে নিজস্ব প্রযুক্তিতে আরও উন্নত ও আধুনিক নকশার টেলিফোন বাজারে নিয়ে আসে।

গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ম্যানুয়াল ডায়ালিংয়ের বদলে ডিজিটাল ডায়ালিং ব্যবস্থা উন্নত করা হয়। ১৯০৯ সালে জার্মানির মিউনিখের শোয়াবিঙে সিমেন্সের প্রযুক্তিতে দেশের প্রথম স্বয়ংক্রিয় কেন্দ্রীয় টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।

১৯০৬ সালে জার্মানি ও সুইজারল্যান্ডের মধ্যবর্তী কনস্ট্যান্স হ্রদের তলদেশ দিয়ে টেলিফোন ক্যাবল টানা হয়। ১৯১০ সালে প্যারিস ও লন্ডনের মধ্যে সরাসরি দূরপাল্লার টেলিফোন সংযোগ চালু করা হয়।

১৯১৩–১৯২২ সালে বার্লিন থেকে কোলোন পর্যন্ত ৬০০ কিলোমিটার দীর্ঘ জার্মানির প্রথম দূরপাল্লার 'রাইনল্যান্ডকেবেল' স্থাপন করা হয়।

সিমেন্সের তৈরি ডিজিটাল এক্সচেঞ্জ

বিংশ শতাব্দীর শেষের দিকে সিমেন্স বিশ্বব্যাপী EWSD (Electronic Worldwide Switch Digital) ডিজিটাল সুইচিং সিস্টেম (১৯৮০) এবং Hicom ISDN সিস্টেম (১৯৮৪) প্রবর্তন করে। যার মাধ্যমে কেবল কণ্ঠস্বর নয়, বরং একই সাথে টেক্সট ও ডেটা আদান-প্রদান করা সম্ভব হয়ে ওঠে।

দুই বিশ্বযুদ্ধে সিমেন্সের ভূমিকা 

সিমেন্স সম্ভবত পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান যে সরাসরি সম্পৃক্ত হয়ে পড়েছিল দুই বিশ্বযুদ্ধে। 

প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন সিমেন্স ছিল বিশ্বের অন্যতম বৃহৎ বৈদ্যুতিক প্রতিষ্ঠান। যুদ্ধ শুরু হলে কোম্পানিটি জার্মান পক্ষ নেয়। তারা জার্মান সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য মাঠপর্যায়ে টেলিগ্রাফ ও টেলিফোন যন্ত্র, সাবমেরিন ও যুদ্ধ জাহাজের বৈদ্যুতিক ব্যবস্থা, সার্চলাইট, রেডিও ট্রান্সমিটার এবং যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি শুরু করে। 

প্রথম বিশ্বযুদ্ধে সিমেন্সের শ্রমিকরা বিমানের যন্ত্রাংশের কাজ করছেন

বিপুল সংখ্যক পুরুষকর্মী যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার কারখানায় শ্রমিকের সংকট তৈরি হয়। তখন তারা নারী শ্রমিক নিয়োগে মনোযোগ দেয়। এমনকি মিত্র বাহিনীর যুদ্ধবন্দিদেরও কারখানায় কাজে লাগায়।  

এই যুদ্ধে রাশিয়ায় তাদের সব কারখানা বাজেয়াপ্ত হয়ে যায়। যদিও ব্রিটিনে ব্যবসা চালিয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর ১৯১৮ সালে জার্মানির পরাজয়ের পর ভার্সাই চুক্তির আওতায় সিমেন্স তাদের বিদেশের প্রায় সব সম্পত্তি, সাবমেরিন ক্যাবেল ও পেটেন্ট হারায়।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিমেন্স ছিল হিটলার ঘনিষ্ঠ। নাৎসি বাহিনীর জন্য তারা রাডার সিস্টেম, সামরিক যোগাযোগ যন্ত্র, সাবমেরিন বৈদ্যুতিক মোটর এবং ভি-২ রকেটের গাইডেন্স সিস্টেম তৈরি করেছিল। 

তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কনসেন্ট্রেশন ক্যাম্পের পাশেই তারা তৈরি করেছিল কারখানা। যেন বন্দিদের দিয়ে উৎপাদনের কাজ করা যায়। এসব কনসেন্ট্রেশন ক্যাম্পের অধিকাংশ শ্রমিকই ছিল নারী এবং ইহুদি। এও অভিযোগ আছে তাদের কারখানায় কাজ করার সময় বহু বন্দি অপুষ্টিতে মারা যান। 

১৯৪৫ সালে মিত্রবাহিনীর বোমাবর্ষণ ও সোভিয়েতরা জয়ী হলে সিমেন্স তাদের ৮০ শতাংশ সম্পদ হারায়। 

এমন সব অমানবিক ঘটনার দায় স্বীকার করে ১৯৯৮ সালে সিমেন্স আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। এমনকি জোরপূর্বকভাবে শ্রমিকদের কাজ করানোর জন্য একটি মোট অংকের ক্ষতিপূরণও দেয়।  

বিধ্বস্ত সিমেন্স জড়ালো হাঁড়ি পাতিল ব্যবসায় 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিমেন্স টালমাটাল। চরম আর্থিক সংকটে কাঁচামালও আমদানি করতে পারছিল না। ব্যবসা ও শ্রমিকদের আটকে রাখার তাগিদে ‘ইমার্জেন্সি প্রডাক্ট’ কর্মসূচি হাতে নেয়। যুদ্ধবিধ্বস্ত জার্মানিতে বৈদ্যুতিক যন্ত্রপাতি বানানোর পরিস্থিতি সংকুচিত হয়ে আসে। একইসঙ্গে জার্মানির শিল্প প্রতিষ্ঠানগুলোর ওপর মিত্রবাহিনীর ছিল কঠোর নজরদারি। হিটলার ঘনিষ্ঠ সিমেন্স ছিল মূল টার্গেটে। 

আর্থিক ক্ষতি থেকে বের হতে শুরু ইমার্জেন্সি প্রডাক্ট ব্যবসা আরও বাড়ায় সিমেন্স

এ অবস্থায় সিমেন্স নিজেদের টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠে। তাদের উদ্দেশ্য একটাই- যেভাবেই হোক টিকে থাকতে হবে। তখন তারা ভাবলো যুদ্ধের ভেতর জার্মান পরিবারগুলোর ঘড়বাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল। মানুষের তখন রান্নাবান্না করার জন্য হাঁড়ি পাতিলের সংকট। তখনই তারা সিদ্ধান্ত নেয় নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরির। তাদের মোটো হলো, এখন শ্রমিকদের বেতন দিতে হবে। একইসঙ্গে বাজারে হারিয়ে যাওয়া চলবে না। অপেক্ষা করতে হবে সুদিনের।   

শুধু হাঁড়ি পাতিল নয়, চুলা, কয়লা সরানোর বেলচা, সাইকেলের টিউব পর্যন্ত তারা তৈরি করে। দেশের অর্থনীতি এমন পরিস্থিতি ছিল যে মানুষের হাতে টাকা নেই। সিমেন্সও খুব একটা আর্থিক লাভ করতে পারছিল না। তখন তারা সাময়িক সময় আরো একটি প্রকল্প চালু করে। অনেক সময় এসব জরুরি জিনিসপত্র বিক্রির অর্থ দিয়ে শ্রমিকদের জন্য খাবার সরবরাহ করতো। যেন তারা উৎসাহ হারিয়ে না ফেলে। 

কয়েক বছরের মধ্যেই জার্মানির অর্থনৈতিক পুনর্গঠন শুরু হয়। তখন সিমেন্স আবার ধীরে ধীরে যোগাযোগ অবকাঠামোর দিকে মনোযোগ দেয়। 

মোবাইল ফোনের বাজার 

টেলিগ্রাফে আধিপত্য বিস্তার করা সিমেন্স মোবাইল বাজারে প্রবেশ করে কিছুটা দেরিতে। ততদিনে নোকিয়া, এরিকসন, মটোরোলা বাজার দখল করে বসে আছে। যদিও তখনও সাধারণ ব্যবহারকারীদের মোবাইল ফোন পৌঁছায়নি। 

নব্বয়ের দশকের শুরুতে প্রথমে চীনে ব্যবসা বিস্তারের অংশ হিসেবে মোবাইল ফোন তৈরি কাজ শুরু করে। 

আধুনিক সেটটির মডেল ছিল সিমেন্স এস ওয়ান

১৯৯২ সালে সিমেন্স প্রথম পি-ওয়ান মডেল বাজারে আসে। পরে ১৯৯৪ সালে এমন সাইজের মোবাইল আনে যা সহজে প্যান্টের পকেটে বহন করা যায়। তাদের প্রথম এই আধুনিক সেটটির মডেল ছিল 'Siemens S1'। 

সিমেন্স ছিল ঐতিহ্যবাহী এবং ক্ষমতাধর এক প্রতিষ্ঠান। তারপরও শেষ পর্যন্ত মোবাইল ডিভাইসের বাজার ধরে রাখতে পারেনি। কম দামে মোবাইল বিক্রি, বাজারে দ্রুত স্যামসাং, নোকিয়া, এরিসনের আধিপত্যে কুলিয়ে উঠতে পারছিল না। অনেকে দাবি করেন, সিমেন্সের আমলাতান্ত্রিক জটিলতা ছিল ভয়াবহ মাত্রায়। একটা সিদ্ধান্ত নিতেই চলে যেত ৬ মাস। বাজারের ক্ষীপ্রতার সঙ্গে টিকতে পারেনি সিমেন্স। পরে ২০০৫ সালে ব্যবসা মোবাইল ফোন বিভাগ বিক্রি করে দেয়। বাজার থেকে চীরতরে হারিয়ে যায় সিমেন্সের মোবাইল ফোন। 

সিমেন্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক 

বাংলাদেশের সঙ্গে সিমেন্সের সম্পর্ক অনেক পুরনো। শুরুটা হয় ১৯৫৬ সালে। তারা প্রথম এক্স-রে মেশিন সরবরাহ শুরু করে। একইসঙ্গে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থাও তৈরি করে দেয়। 

বাংলাদেশের বিদ্যুৎ অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন, জ্বালানি, টেলি ব্যবস্থা সহ বহু যজ্ঞে ভূমিকা রাখছে সিমেন্স। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে শুরু হয় সিমেন্স বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশে তাদের কার্যক্রম চলাচ্ছে আরও দুটি প্রতিষ্ঠান। সিমেন্স ইন্ডাসট্রিয়াল লিমিটেড এবং সিমেন্স হেলথকেয়ার লিমিটেড। 

সিমেন্সের সবচেয়ে বড় অংশিদারিত্ব ছিল টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডে। ১৯৬৭ সালে এই প্রতিষ্ঠানটি শুরু হয় টেলিফোন ইন্ডাস্ট্রিজ করপোরেশন। তৎকালীন পাকিস্তান সরকার এবং পশ্চিম জার্মানির সিমেন্স এজির যৌথ উদ্যোগে শুরু হয় এই প্রতিষ্ঠান।  

টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে নাম পরিবর্তন করে হয় ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টিএসএস)’। দেশের টেলিযোগাযোগ খাতে টিএসএস বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উৎপাদন ও স্থাপনের কাজ করতো। এর মধ্যে ছিল ইএমডি টেলিফোন এক্সচেঞ্জ, অ্যানালগ পিএবিএক্স, ফ্যাক্স মেশিন, ডিপি/সিটি বক্স, ক্যাবিনেট ও টেলিফোন সেট। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি ডিজিটাল যন্ত্রপাতি উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।

এখন সিমেন্স কী করে

এখন তারা যে কোনো প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করতে প্রযুক্তি সরবরাহ করে। এমনকি তাদের স্বাস্থ্য খাতে তৈরি হয়েছে বিপুল আধিপত্য। এক্সরে মেশিন, এমআরআই মেশিন, সিটি স্ক্যানসহ আধুনিক মেডিক্যাল ইমেজিং প্রযুক্তি তৈরি করছে। যদিও তাদের এই খাতটি মূল প্রতিষ্ঠান থেকে আলাদা করে দেওয়া হয়েছে। তারপরও পরিচয় তো একটাই। সিমেন্স। 

সিমেন্সের গল্পের শুরু আছে, শেষ নেই। প্রযুক্তি দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখা, দুই বিশ্বযুদ্ধের টালমাটাল অবস্থা থেকে আবার নিজেকে খুঁজে পাওয়া, ভুল করে আবার সেখান থেকে বেরিয়ে আসা, সময়ের প্রয়োজনে নিজেকে বদলে ফেলা এমনকি ব্যবসার প্রয়োজনে মোবাইল ফোনকেও বিসর্জন দেওয়া প্রতিষ্ঠান যেন একটি দুর্দান্ত ইতিহাস। আর তাই ১৭৯ বছরের সিমেন্সের গল্প চলছে, নিশ্চয়ই চলবে সামনের সময়েও।