বারো রকমের মন্ত্রীর বারো রকমের পদত্যাগ

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মানে শুধু একটি মন্ত্রণালয় পরিচালনা না, এর অধীনে ঘটে যাওয়া বড় ধরনের ব্যর্থতা, অনিয়ম বা বিতর্কের জবাবদিহি করাও। গত এক দশকে বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনা ঘটেছে যেসব ঘটনায় পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এসব ঘটনায় কোথাও মন্ত্রীরা নৈতিক দায় নিয়েছেন, কোথাও রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন। 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

মনে করুন কয়েকদিন পর আপনার খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ভর্তির, বা সরকারি চাকুরির জাতীয় পর্যায়ে আয়োজন। হঠাৎ করে ঘোষণা এলো একরাশ নতুন নিয়ম আর বিধিনিষেধ। উদ্দেশ্য হিসেবে বলা হলো, কেউ যেন অসদুপায় অবলম্বন না করতে পারে, তার জন্যই এই বাড়তি সতর্কতা। কিন্তু সেজন্য এমন সব নতুন আর জটিল নিয়মাবলী আরোপ করা হয়েছে, পরীক্ষার প্রস্তুতি নেবেন না সেগুলো রপ্ত করবেন; দিশেহারা অবস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা, কিছু করারও নেই! এদিকে হাতেও আছে মোটে কয়েকটা দিন। পড়ালেখা করবেন, নাকি নতুন নিয়মের যেন নড়চড় না হয়, সেটার প্র্যাকটিস করবেন?

যখন পরীক্ষা নিয়ে মনোযোগের সবটুকু দেওয়ার সময়, তখন নতুন সব নিয়মের ওজন সামলাবেন কী করে বলুন তো? নিয়মগুলো ঠিক কী, কীভাবে মানতে হবে, ভুল হলে কী হবে, এসব প্রশ্নের উত্তর মেলানো কঠিন; তেমনি পরীক্ষার থেকেও কিন্তু মনোযোগটা অন্য দিকে সরে যায়। আর এই যে ভোগান্তি, সেটা যেমন পরীক্ষার্থীর, তেমনি অভিভাবকদেরও দুশ্চিন্তায় ফেলে দেয়। তখন প্রশ্নটা শুধু নিয়ম নিয়ে থাকে না। 

প্রশ্ন ওঠে, এই অব্যবস্থাপনার দায় কার? যিনি ঘোষণা দিচ্ছেন তার নাকি মন্ত্রণালয়ের শীর্ষে যিনি বসে আছেন তার? এই দায়গুলো যখন পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য দুর্বিসহ অভিজ্ঞতা হতে পারে না? শীর্ষস্থানীয় ব্যক্তি এমন নেতিবাচক পরিস্থিতিতে কতটুকু দায় নিতে পারেন?

ওপরের পরিস্থিতি তো কাল্পনিক পরিসরে আপনাকে ভাবতে বলা। তবে আপনার এই অভিজ্ঞতা হোক বা না হোক, বাস্তবেই কিন্তু এমন ঘটনা ঘটেছে। পরীক্ষার আগে হুট করে চাপানো নতুন নিয়মের ধাক্কায় টালমাটাল অবস্থা হয়ে গিয়েছিল এক দেশের পরীক্ষার্থীদের। আর তা নিয়ে হাজারো সমালোচনা। শেষটায় এমনই অবস্থা হলো, শিক্ষামন্ত্রী পদত্যাগই করে বসলেন। ঘটনা দক্ষিণ কোরিয়ার। হঠাৎ করেই একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরীক্ষার ঠিক আগে একরাশ নিয়ম জারি করায় দেশটির লাখো শিক্ষার্থী রীতিমতো দিশেহারা হয়ে যায়। চলতে থাকে তর্ক-বিতর্ক। শেষটায় ফলাফল, দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন পদত্যাগের প্রস্তাব দেন। ২২এ নভেম্বর প্রেসিডেন্ট তার পদত্যাগের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

বড় বড় মন্ত্রীদের পদত্যাগের ঘটনা অভিনব নয়। বলা যায়, বিশ্বরাজনীতিতে এটা মোটামুটি ‘কমন প্র্যাকটিস’। সাফল্যের কৃতিত্ব যেমন পাওয়া যায়, তেমনি নিজের মন্ত্রণালয়ের অধীনে ঘটে যাওয়া বড় ব্যর্থতার দায়টাও তাদের নিতে হয়। দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগের মতো ভুরি ভুরি ঘটনা রয়েছে। একেক দেশ, একেক প্রেক্ষিত। মন্ত্রীরা নিজেদের ব্যর্থতা বা পরিস্থিতির তীর্যক প্রভাবে নিজেদের পদ ছেড়ে দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ঘটনা তো বলাই হলো। সাথে থাকছে গুনে গুনে আরও এগারোটি ঘটনা। এর প্রতিটিরই ফলাফলে মন্ত্রীরা চেয়ার ছেড়েছেন। এর মধ্যে যেমন প্রাণঘাতী দুর্ঘটনা রয়েছে, কখনো লাইন ভেঙে করোনার টিকা নেওয়ার মতো ঘটনাও হয়ে উঠেছে পদত্যাগের কারণ। 

একটি মর্টার, দুটি মৃত্যু, দুজনের পদত্যাগ

মালির প্রতিরক্ষামন্ত্রী জেনাইন হেনিস-প্লাসচার্ট ও সেনাপ্রধান টম মিডেনডর্পও।

একটি সামরিক প্রশিক্ষণ চলছিল মালিতে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা ডাচ সেনারা মর্টার নিক্ষেপের অনুশীলন করছিলেন। কিন্তু সেই অনুশীলনই শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে। বিস্ফোরণে নিহত হন দুই সেনা। গুরুতর আহত হন আরও একজন।

ঘটনাটি ঘটে ২০১৬ সালের ৬ই জুলাই। প্রথমে এটি সামরিক দুর্ঘটনা বলে মনে হলেও পরবর্তী তদন্তে বেরিয়ে আসে আরও গুরুতর তথ্য। অস্ত্র কেনা থেকে শুরু করে পরিবহন ও সংরক্ষণ, এমনকি আহত সেনাদের চিকিৎসার ব্যবস্থাতেও ছিল বড় ধরনের ঘাটতি।

নেদারল্যান্ডসের সেফটি বোর্ডের তদন্তে বলা হয়, সেনাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। মর্টার গোলাবারুদ পরিবহন ও সংরক্ষণের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাও যথাযথ ছিল না।

২০১৭ সালের ২৮এ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র সমালোচনার মুখে পড়ে। সংসদে জবাবদিহির মুখে ৩রা অক্টোবর পদত্যাগের ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী জেনাইন হেনিস-প্লাসচার্ট। একই ঘটনায় পদ ছাড়েন দেশটির সেনাপ্রধান টম মিডেনডর্পও।

দুই সেনার মৃত্যু শুধু একটি সামরিক দুর্ঘটনার প্রশ্ন হয়ে থাকেনি। বরং সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের দায়িত্ব কতটা ছিল, সেই প্রশ্নই শেষ পর্যন্ত মন্ত্রীর পদত্যাগের কারণ হয়ে ওঠে।

ফাইল নেই তো চাকরিও নেই

প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা।

একটি নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই প্রথমে জানিয়েছিল জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরে সেই নথির কিছু তথ্য কম্পিউটারে পাওয়া যায়। আর তাতেই শুরু হয় নতুন বিতর্ক।

২০১৭ সালে দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা জাপানি সেনাদের দৈনিক কার্যক্রমের নথি নিয়ে জাপানের প্রতিমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটে। দেশটির স্থল আত্মরক্ষা বাহিনীর সেনারা সেখানে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছিলেন, তা এসব নথিতে উল্লেখ ছিল।

অভিযোগ ওঠে, দক্ষিণ সুদানের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার তথ্য এসব নথিতে থাকলেও তা প্রকাশ করা হয়নি। বরং নথিগুলো হারিয়ে গেছে বলে জানানো হয়। পরে সেই তথ্যগুলো উদ্ধার হওয়ার বিষয়টি সামনে আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা ব্যক্তিগতভাবে তথ্য গোপনের অভিযোগ অস্বীকার করেন। তবে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে তখন বিতর্ক বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০১৭ সালের ২৮ জুলাই পদত্যাগের ঘোষণা দেন তোমোমি ইনাদা।

তার পদত্যাগে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের সরকারও রাজনৈতিকভাবে চাপে পড়ে যায়। কারণ, ইনাদার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু একটি নথি প্রকাশ না করার বিষয় ছিল না, বরং সরকারের তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছিল।

‘আমি জানতাম না’ বলার পর বেরোলো নথি 

যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যাম্বার রাড।

ধরুন, কয়েক দশক ধরে একটি দেশে আপনার বসবাস। সেখানে আপনার কাজ, পরিবার, পরিচিত জীবন সবকিছুই আছে। অথচ একদিন আপনাকে জানানো হলো, আপনি সেই দেশের বৈধ বাসিন্দাই নন। এমনকি আপনাকে আটক করে অন্য দেশে পাঠিয়েও দেওয়া হতে পারে।

যুক্তরাজ্যের ক্যারিবীয় বংশোদ্ভূত অভিবাসীদের একাংশের সঙ্গে এমন ঘটনাই ঘটেছিল। তারা ‘উইন্ডরাশ জেনারেশন’ নামে পরিচিত। ১৯৪৮ থেকে ১৯৭১ সালের মধ্যে ক্যারিবীয় অঞ্চল থেকে অনেক মানুষ যুক্তরাজ্যে এসে বসবাস শুরু করেন। তাদের অনেকে কয়েক দশক ধরে দেশটিতে থাকলেও যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হন। এর ফলে কেউ চাকরি হারান, কেউ স্বাস্থ্যসেবা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন, আবার কাউকে আটক করে বহিষ্কারের হুমকি দেওয়া হয়।

২০১৮ সালে এসব ঘটনা নিয়ে যুক্তরাজ্যে তীব্র বিতর্ক শুরু হয়। তখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যাম্বার রাড। তিনি প্রথমে দাবি করেন, অভিবাসীদের বহিষ্কারের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সম্পর্কে তিনি জানতেন না।

কিন্তু পরে দ্য গার্ডিয়ানের হাতে আসা একটি গোপন নথি পুরো পরিস্থিতি বদলে দেয়। নথিতে দেখা যায়, অভিবাসীদের বহিষ্কারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে আগেই জানানো হয়েছিল। এমনকি প্রধানমন্ত্রীকে লেখা তার একটি চিঠিতেও বহিষ্কারের সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর লক্ষ্য উল্লেখ ছিল।

সংসদে দেওয়া বক্তব্য এবং ফাঁস হওয়া নথির মধ্যে অসংগতি সামনে আসার পর অ্যাম্বারের ওপর চাপ বাড়ে। শেষ পর্যন্ত ২০১৮ সালের ২৯এ এপ্রিল পদত্যাগ করেন অ্যাম্বার। তিনি স্বীকার করেন, নিজের দপ্তরে এসব তথ্য থাকার পরও সেগুলো সম্পর্কে অবগত না থাকার দায় এড়াতে পারেন না।

লাইন ভেঙে করোনার টিকা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জিনেস গঞ্জালেস গার্সিয়া।

করোনাভাইরাস মহামারির সময় একটি টিকার জন্য অপেক্ষা করছিলেন লাখো মানুষ। স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কর্মসূচি চালাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু সেই সময়েই অভিযোগ ওঠে, রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে কিছু প্রভাবশালী ব্যক্তি নির্ধারিত সময়ের আগেই টিকা নিয়ে নিচ্ছেন।

বিতর্কের সূত্রপাত হয় এক সাংবাদিকের বক্তব্য থেকে। দেশটির প্রবীণ সাংবাদিক হোরাসিও ভারবিটস্কি জানান, তিনি সরাসরি স্বাস্থ্যমন্ত্রী জিনেস গঞ্জালেস গার্সিয়ার সঙ্গে যোগাযোগ করে টিকা নেওয়ার সুযোগ পেয়েছেন।

তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে, সাধারণ মানুষ যখন টিকার জন্য অপেক্ষা করছেন, তখন রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কেউ কীভাবে আগেভাগে টিকা পাচ্ছেন?

২০২১ সালের ফেব্রুয়ারিতে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। মন্ত্রী দাবি করেন, তিনি অনুপস্থিত থাকার সময় তার দপ্তরে অনিচ্ছাকৃত বিভ্রান্তির কারণে নিয়মের বাইরে টিকা দেওয়ার ঘটনা ঘটেছে।

তবে তাতে বিতর্ক থামেনি। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ তার পদত্যাগ চান। শেষ পর্যন্ত ১৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন গার্সিয়া।

মহামারির মতো সংকটের সময় সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা কতটা জরুরি, এই ঘটনা সেটিই সামনে নিয়ে আসে।

বড় বড় মানুষের টিকা চাই আগে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেত্তি ও পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ আস্তেতে।

করোনার টিকা তখনো সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছিল না। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিয়ে টিকাদান শুরু হয়েছিল পেরুতে। কিন্তু এর মধ্যেই জানা যায়, সরকারি কর্মসূচি শুরুর আগেই শত শত মানুষ গোপনে টিকা নিয়েছেন।

ঘটনাটি পরে ‘ভ্যাকসিনগেট’ নামে পরিচিতি পায়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে পেরুর সরকার জানায়, মোট ৪৮৭ জন ব্যক্তি সরকারি অবস্থান বা প্রভাব ব্যবহার করে চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল, টিকাগুলো সাধারণ মানুষের জন্য নির্ধারিত কর্মসূচির অংশ ছিল না। এগুলো মূলত টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অতিরিক্ত হিসেবে সরবরাহ করা হয়েছিল।

তদন্তে সাবেক স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেত্তি ও পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ আস্তেতের নামও সামনে আসে। পিলার মাজেত্তি পদত্যাগ করেন রাজনৈতিক চাপের মুখে। অন্যদিকে, এলিজাবেথ আস্তেতে স্বীকার করেন, তিনি নির্ধারিত কর্মসূচি শুরুর আগেই টিকা নিয়েছিলেন। নিজের ভুল স্বীকার করে তিনিও পদত্যাগ করেন।

ঘটনাটি দেশটিতে ব্যাপক ক্ষোভ তৈরি করে। কারণ, সাধারণ মানুষ যখন টিকার জন্য অপেক্ষা করছিলেন, তখন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগেভাগে টিকা নেওয়ার বিষয়টি জনসাধারণের আস্থায় বড় ধরনের ধাক্কা দেয়।

এয়ারপোর্টে ভিড়ের ধাক্কায় মন্ত্রীর চেয়ার কাত

সাবেক প্রতিরক্ষামন্ত্রী আঙ্ক বিজলেভেল্ডও।

২০২১ সালের আগস্ট। তালেবান যখন আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়, তখন দেশ ছাড়তে মরিয়া হয়ে ওঠেন হাজারো মানুষ। বিমানবন্দরে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। বিদেশি নাগরিকদের পাশাপাশি ঝুঁকিতে পড়েন বিভিন্ন দেশের সেনাবাহিনী ও সংস্থার সঙ্গে কাজ করা স্থানীয় আফগানরাও।

এমন পরিস্থিতিতে নিজেদের নাগরিক ও আফগান সহযোগীদের নিরাপদে সরিয়ে নিতে জরুরি অভিযান শুরু করে বিভিন্ন দেশ। কিন্তু নেদারল্যান্ডসের অনেক নাগরিক এবং দেশটির সঙ্গে কাজ করা আফগানদের সবাইকে সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

সরকারের প্রস্তুতি, আগাম সতর্কতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে পড়ে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে ২০২১ সালের সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের পার্লামেন্টে আলোচনা হয়। আফগানিস্তান থেকে মানুষ সরিয়ে নেওয়ার ঘটনায় ব্যর্থতার দায়ে পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়। পরদিন প্রতিরক্ষামন্ত্রী আঙ্ক বিজলেভেল্ডও পদত্যাগ করেন।

কাগ পদত্যাগের সময় বলেন, কোনো মন্ত্রণালয়ের নীতি বা কার্যক্রম নিয়ে পার্লামেন্ট অনাস্থা প্রকাশ করলে মন্ত্রীর দায়িত্ব হলো সেই সিদ্ধান্তের রাজনৈতিক দায় নেওয়া।

আফগানিস্তানের পতন ঠেকাতে না পারা নেদারল্যান্ডস সরকারের নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু পরিস্থিতি তৈরি হওয়ার পর নিজেদের নাগরিক ও সহযোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি কতটা ছিল, সেই প্রশ্নের জবাব দিতে হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীদের।

দুই ট্রেন, এক লাইন

সাবেক পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস।

গ্রিসের একটি যাত্রীবাহী ট্রেনে তখন ছিলেন প্রায় ৩৫০ জন মানুষ। তাদের অনেকেই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কেউ বাড়ি ফিরছিলেন, কেউ বা কাজের জায়গায়। কিন্তু যাত্রার মাঝপথেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে দেশটির টেম্পে এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালবাহী ট্রেনের। দুটি ট্রেন একই লাইনে চলছিল। সংঘর্ষের পর কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং কয়েকটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় অন্তত ৫৭ জন নিহত হন। আহত হন আরও অনেকে। দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে এটি পরিচিতি পায়।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলার পাশাপাশি সামনে আসে রেলব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিষয়টি। আধুনিক সিগন্যালিং ও স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু করতে দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ থাকার অভিযোগ ওঠে।

তদন্তে জানা যায়, স্টেশন ব্যবস্থাপনার ভুলের কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এসেছিল। তবে এর পেছনে শুধু একজন কর্মীর ভুল নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতিও আলোচনায় আসে।

দুর্ঘটনার পরদিনই পদত্যাগ করেন দেশটির পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। তিনি বলেন, এত মানুষের প্রাণহানির পর দায়িত্বে থেকে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার দীর্ঘদিনের ঘাটতির দায় নিয়েই তিনি পদ ছাড়ছেন।

জীবন বাঁচানোর ওষুধ যখন মন্ত্রীর গলার কাঁটা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা।

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা আশা করেন, তাদের শরীরে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে তা নিরাপদ। কিন্তু শ্রীলঙ্কায় সরকারি হাসপাতালে ব্যবহারের জন্য কেনা একটি ওষুধের মান নিয়েই তৈরি হয় বড় বিতর্ক।

২০২৩ সালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কেনা ইমিউনোগ্লোবুলিন ওষুধ নিয়ে অভিযোগ ওঠে। রোগ প্রতিরোধে ব্যবহৃত এই ওষুধের একটি চালান ভেজাল বা নিম্নমানের বলে সন্দেহ করা হয়। অভিযোগ ছিল, যথাযথ দরপত্র ও যাচাই-বাছাই ছাড়াই ওষুধ কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তখন তিনি পরিবেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ওষুধ কেনার প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।

গ্রেপ্তারের পর ৩ ফেব্রুয়ারি থেকে তার পরিবেশমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়। পরে সরকারি গেজেটেও বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ঘটনা শুধু একজন মন্ত্রীর পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় ওষুধের সংকট, সরকারি হাসপাতালের দুরবস্থা এবং রোগীদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছিল।

প্রশ্নফাঁস, বিক্ষোভ, খোলা চিঠিতে পদত্যাগ 

ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

একটি পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। কেউ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন, কেউ বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে তাদের ক্ষোভ কোথায় গিয়ে দাঁড়াতে পারে?

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি ঘিরে ২০২৬ সালে এমন পরিস্থিতিই তৈরি হয়। প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরীক্ষা বাতিল এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি ওঠে।

শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে বড় আকার ধারণ করে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের অন্যতম আলোচিত প্ল্যাটফর্ম হয়ে ওঠে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ব্যঙ্গাত্মক নাম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের ক্ষোভ সামনে আনে।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তবে তদন্ত ও নতুন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পরও শিক্ষার্থীদের ক্ষোভ পুরোপুরি থামেনি।

শেষ পর্যন্ত ২০২৬ সালের ২৫ জুলাই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক খোলা চিঠিতে তিনি জানান, গত কয়েক দিনের ঘটনায় তিনি ব্যথিত এবং প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

একটি জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ নয়, দেশের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিও আলোচনায় চলে আসে।

শোক না ফুরোতেই ফের দুর্ঘটনা

স্পেনের সাবেক পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।

একটি ট্রেন দুর্ঘটনার পর মানুষ যখন স্বজন হারানোর শোক সামলানোর চেষ্টা করছেন, তখন আরেকটি দুর্ঘটনার খবর সামনে আসে। স্পেনে ২০২৬ সালে রেলব্যবস্থার নিরাপত্তা নিয়ে এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল।

২৮এ অক্টোবর দেশটির রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দা এলাকার কাছে একটি চলন্ত উচ্চগতির ট্রেন থেমে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারান ৬৯ জন।

দুর্ঘটনার প্রাথমিক তদন্তে রেলব্যবস্থার সিগন্যালিং ও নিয়ন্ত্রণপ্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। অভিযোগ অনুযায়ী, নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পরও নিয়ন্ত্রণকেন্দ্র থেকে একটি ট্রেনকে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। অথচ সামনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে ছিল।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, একই বছরের জানুয়ারিতেও দেশটির একই রেলপথে আরেকটি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। ফলে পরপর দুটি বড় দুর্ঘটনার পর রেলব্যবস্থার নিরাপত্তা এবং সরকারের তদারকি নিয়ে সমালোচনা বাড়তে থাকে।

বিরোধী দলগুলো পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তের পদত্যাগ দাবি করে। শেষ পর্যন্ত ২০২৬ সালের ৩ নভেম্বর পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংসদে বক্তব্য দেওয়ার সময় জানান, এক বছরের কম সময়ে দুটি বড় দুর্ঘটনার পর পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা তার পক্ষে সম্ভব নয়।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ, তদন্ত ও ক্ষতিপূরণের প্রাথমিক ব্যবস্থা এগিয়ে নেওয়ার পর তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। একই রেলপথে পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনা স্পেনের পরিবহনব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করে।

গেন্ডারিয়ায় গণ্ডগোল

তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মাদকবিরোধী অভিযান সাধারণত পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু ঢাকার একটি অভিযানে দেখা গেল, একজন প্রতিমন্ত্রী নিজেই হাতে পিস্তল নিয়ে অংশ নিচ্ছেন। তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও ছিল অস্ত্র। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

ঘটনাটি ঘটে রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী (তৎকালীন) ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাকে অস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়। তার সঙ্গে থাকা একজনকে গুলি করার হুমকি দিতেও শোনা যায়। আরেকজনকে এক তরুণকে লাথি মারতে দেখা যায়।

ভিডিও প্রকাশের পর প্রশ্ন ওঠে, একজন প্রতিমন্ত্রী এভাবে অস্ত্র হাতে অভিযান পরিচালনা করতে পারেন কি না। অস্ত্র প্রদর্শনের নিয়ম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে গিয়ে অভিযানে অংশ নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

ঢাকা মহানগর পুলিশ অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্তের নির্দেশ দেয়। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলেও সংবাদ প্রকাশিত হয়। যদিও তার দপ্তর প্রথমে পদত্যাগের খবর অস্বীকার করেছিল।

শেষ পর্যন্ত ২০২৬ সালের ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান চালানোর কারণে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

একটি অভিযানের ভিডিও কীভাবে একজন প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে, ইশরাকের পদত্যাগ তার সাম্প্রতিক উদাহরণ।

চেয়ার ছাড়লেই কি সব দোষ মাফ?

ঘটনাগুলো একেক দেশের। প্রেক্ষিতও ভিন্ন। পাশাপাশি রাখলে দেখা যায়, মন্ত্রীর পদত্যাগের পেছনে সব সময় একই ধরনের কারণ কাজ করে না। কোথাও প্রাণহানির পর প্রশাসনিক ব্যর্থতার দায় সামনে এসেছে। কোথাও সরকারি নীতি ও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আবার কোথাও ব্যক্তিগত সুবিধা নেওয়া, তথ্য গোপন কিংবা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পদ ছাড়তে হয়েছে মন্ত্রীদের।

নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী জেনাইন হেনিস-প্লাসচার্টের ক্ষেত্রে সেনাদের মৃত্যুর পর তদন্তে নিরাপত্তাব্যবস্থার গুরুতর ঘাটতি উঠে আসে। যুক্তরাজ্যের অ্যাম্বার রাডের পদত্যাগের পেছনে ছিল সংসদে দেওয়া বক্তব্য ও ফাঁস হওয়া নথির অসংগতি। অন্যদিকে, আর্জেন্টিনা ও পেরুতে করোনার টিকা বিতরণে অনিয়মের অভিযোগ সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থাকে প্রশ্নের মুখে ফেলে।

আবার দক্ষিণ কোরিয়া, গ্রিস ও স্পেনের ঘটনাগুলো দেখায়, বড় ধরনের সংকটের পর শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়। ঘটনার পেছনে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার দায়ও সামনে আসে।

তবে পদত্যাগ করলেই যে একজন মন্ত্রী সব অভিযোগ স্বীকার করেছেন, এমন নয়। কেউ নৈতিক দায় নিয়ে পদ ছাড়েন, কেউ রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত নেন, আবার কেউ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেও মন্ত্রণালয়কে ঘিরে বিতর্কের কারণে পদত্যাগ করেন।

গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রীর দায়িত্ব শুধু ভালো কাজের কৃতিত্ব নেওয়া নয়। নিজের অধীনে কোনো বড় ব্যর্থতা ঘটলে তার ব্যাখ্যা দেওয়া এবং প্রয়োজন হলে সেই ব্যর্থতার রাজনৈতিক দায় নেওয়াও দায়িত্বের অংশ। বিশ্বের বিভিন্ন দেশের এসব ঘটনা সেই জবাবদিহির গুরুত্বই মনে করিয়ে দেয়।