বঙ্গোপসাগরে জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২২ জন 

ক্রুদের মধ্যে ২০ জন চীনা নাগরিক, ৩ জন মিয়ানমারের নাগরিক ও একজন বাংলাদেশি।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম

বাংলাদেশি নাবিকসহ ২৪ জন ক্রু নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে রয়েছেন ২২ জন।

পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার জাহাজটি ভারতের ওড়িশার পারাদিপ বন্দর থেকে সিঙ্গাপোরে যাচ্ছিলো।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনা নাগরিক, ৩ জন মিয়ানমারের নাগরিক ও একজন বাংলাদেশি।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, জাহাজটি ২০এ অগাস্ট পারাদিপ বন্দর থেকে ৭২,১০০ টন আইরন ওর নিয়ে সিঙ্গাপোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলো।

বৃহস্পতিবার জাহাজটি সিঙ্গাপোর পৌঁছানোর কথা থাকলেও পারাদিপ বন্দর থেকে ২০০ নটিক্যাল মাইল দূরত্বে থাকা অবস্থায় জাহাজটির সাথে শিপিং কোম্পানির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়- বলে সংবাদ প্রকাশ করেছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল।

শনিবার স্থানীয় সময় ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের ম্যারিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানানো হলে সার্চ অপারেশন শুরু করে ভারতীয় কোস্ট গার্ড। স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক জাহাজের কাছেও সাহায্য চায় কোস্ট গার্ড।

এরপর শনিবার রাত ৮টা নাগাদ দু’টি পৃথক লাইফ রাফট থেকে দু’জনকে উদ্ধার করা হয়। এই দুইজনের পরিচয় এখনো প্রকাশ করেনি কোস্ট গার্ড।

তবে একজন বাংলাদেশি নাগরিকসহ বাকি ২২ জন ক্রু এখনো নিখোঁজ বলে জানানো হয়েছে।

তাদের খোঁজার চেষ্টা চালাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। 

তবে জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং তা ডুবে যাওয়ার কারণ এখনো পরিস্কার নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।