বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত এক মার্কিন আদালতে বাতিল ঘোষণা

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছে আমেরিকার একটি ফেডারেল আদালত। স্টেট ডিপার্টমেন্টের এই পদক্ষেপকে তাদের ‘এখতিয়ারবহির্ভূত’ বলে উল্লেখ করেছেন আদালত। 

শুক্রবার নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট ভার্গাস এই রায় দেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের এই ভিসা স্থগিতের নীতি স্পষ্টতই বেআইনি। জাতীয়তার ওপর ভিত্তি করে কোনো দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া ফেডারেল অভিবাসন আইনের সরাসরি লঙঘন। মার্কিন অভিবাসন আইনে কনস্যুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদনের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা সেক্রেটারি অব স্টেটকে দেওয়া হয়নি। 

চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ, অ্যালবেনিয়া ও বসনিয়ার মতো বলকান অঞ্চল, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দক্ষিণ এশীয় দেশ এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অভিবাসন প্রত্যাশীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কথা ছিলো, এসব দেশের আবেদনকারীদের আমেরিকায় এসে স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝোঁক বেশি। এই ‘যুক্তি’ দেখিয়েই  তাদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিলো।

এ রায়ের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এখনো কোনো জবাব দেয়নি।

অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’ ও ‘আফ্রিকান কমিউনিটিজ টুগেদার’ নামে দুটি সংগঠন এই নীতির বিরুদ্ধে মামলা করেন। শুনানি শেষে বিচারক ভার্গাস ট্রাম্প প্রশাসনের নীতিটিকে অবৈধ ঘোষণা করেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের কথা বলে অভিবাসন বিরোধী কড়া পদক্ষেপ নিয়ে আসছেন।