টানা ভারী বৃষ্টিতে অচল মুম্বাই, রেড অ্যালার্ট জারি

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির আরও অবনতি হতে পারে, এমন আশঙ্কায় শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ২০০ থেকে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভিখরোলি পশ্চিমের বিল্ডিং প্রপোজাল অফিস এলাকায়। যেখানে ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কোলাবা পাম্পিং স্টেশন ও ভিখরোলির ঠাকুর নগর এলাকাতেও ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে শহরের নিচু এলাকা। বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও গাছ উপড়ে পড়েছে, আবার কোথাও ঘটছে ছোটখাটো ধসের ঘটনাও। এর প্রভাব পড়েছে সড়ক ও রেল যোগাযোগে। যদিও ৫ই জুলাই সকালে বাস ও মেট্রো চলাচল মোটামুটি স্বাভাবিক ছিলো, তবুও শহরতলির ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে চলেছে।

ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, জরুরি প্রয়োজনে নাগরিকরা ১৯১৬ নম্বর হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি উপকূলীয় ও নিচু এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

শুধু মুম্বাই নয়, টানা বৃষ্টিতে থানে, পালঘর, নবি মুম্বাই ও পুনে এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ভূমিধস, কোথাও সড়ক ডুবে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের  সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৫ই জুলাই মুম্বাই ও আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।