জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। সোমবার দেশটির উত্তর-পূর্ব উপকূলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। ইতোমধ্যে সুনামি  সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৪টা ৫২ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি । জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরে। আর এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভুমিকম্পের এক ঘণ্টার মধ্যে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ শনাক্ত করা হয়েছে। ঢেউ ৩ মিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়।

জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বড় ঢেউ আঘাত হানতে পারে ইওয়াতে ও আওমোরি প্রদেশে। দুটি প্রদেশই জাপানের প্রধান দ্বীপ হোনশু -এর উত্তরে অবস্থিত। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতেও রয়েছে আঘাতের সম্ভাবনা।

এ ছাড়াও ওৎসুচি ও কামাইসি সহ কয়েকটি বন্দর শহরে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, সরকার একটি জরুরি টাস্কফোর্স গঠন করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। 

সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

জাপান প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা অগ্নেয়গিরি ও সমুদ্রগহ্ববরের অঞ্চল রিং অফ ফায়ারে অবস্থিত। ফলে এটি পৃথিবীর সবচেয়ে  ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এখানে প্রায় প্রতি পাঁচ মিনিটে একটি করে ভূমিকম্প হয়।