রমযান মাসের পুরোটা সময় সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন।
চাঁদ দেখা সাপেক্ষে এই বছর রমজান মাস শুরু হওয়ার কথা ১৮ই ফেব্রুয়ারি থেকে। স্কুলগুলোতে এবার ১৫ই রমজান অর্থাৎ ৭ই মার্চ পর্যন্ত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
হাইকোর্টের নির্দেশের ফলে ৮ই মার্চের বদলে মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুলগুলো বন্ধ থাকবে ১৮ই ফেব্রুয়ারি থেকে।
গেল ৫ই জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এই নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। আইন, প্রথা ও নীতি মেনে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।
নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাব্না দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।
এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র জানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারও কাম্য নয়।
নোটিশের জবাব না পাওয়ায় ২০শে জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন ইলিয়াস আলী মণ্ডল।
রবিবার এই রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট এই আদেশ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে তা বাস্তবায়নের নির্দেশ দিয়ে এই বিষয়ে একটি রুল জারি করেছেন।



