লিসবনে ‘মিডওয়াইভস’ সম্মেলনে জিয়াউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:০৩ পিএম

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। ১৪ই জুন থেকে শুরু হয়ে সম্মেলনটি চলবে ১৮ই জুন পর্যন্ত। 

'মিডওয়াইফ' মূলত এক শ্রেণীর প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, যারা নারীদের গর্ভাবস্থা, প্রসব বেদনা ও সন্তান জন্মদানের সময় বিশেষায়িত সেবা দান করে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশে গর্ভাবস্থায় ও সন্তান জন্মের সময় নারীদের মিডওয়াইফের সেবা পাওয়ার অধিকার ও সুযোগ নিশ্চিত করাই ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইভস (আইসিএম)-এর উদ্দেশ্য।

সম্মেলনে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, "মিডওয়াইফরা মা ও নবজাতকের জীবনরক্ষার প্রথম সারির যোদ্ধা। একটি সুস্বাস্থ্যবান বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার কেন্দ্রে মিডওয়াইফদের স্থান দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মা নিরাপদ গর্ভধারণ, নিরাপদ প্রসব এবং মানসম্মত পরবর্তী সেবা পাবেন।"

এছাড়া, আগামী কয়েক বছরে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ২৫ হাজারের বেশি মিডওয়াইফ নিয়োগ দেওয়ার সরকারের পরিকল্পনার কথা জানান তিনি।

জিয়াউদ্দিন হায়দার বলেন, "আগামী কয়েক বছরে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা বাংলাদেশের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু স্বাস্থ্যখাতে বিনিয়োগ নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ।"

ড. হায়দার তার বক্তব্যে বাংলাদেশে মিডওয়াইফারি পেশার বিকাশে উন্নয়ন সহযোগীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর দীর্ঘদিনের কারিগরি ও আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশ সরকার ভবিষ্যতেও UNFPA এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে মিডওয়াইফারি শিক্ষা, প্রশিক্ষণ, নিয়োগ ও সেবার মান উন্নয়নে অগ্রসর হবে।"