প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

আপডেট : ১১ জুন ২০২৬, ০২:১৩ পিএম

জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে বাজেট উপস্থাপনের সাংবিধানিক রীতি অনুসারে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রস্তাবিত বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিশেষ সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

গত ফেব্রুয়ারিতে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটিই হতে যাচ্ছে প্রথম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুরও প্রথম বাজেট এটি। 

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হতে পারে। 

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে ১৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।