ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের গাফিলতি স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

ঢাকার আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তদন্ত প্রতিবেদনে দায় প্রমাণিত হওয়ায় বিদ্যমান আইনের আওতায় হাসপাতালটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “ঘটনার সময় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতি, নার্সিং স্টাফদের দায়িত্বে ঘাটতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি তদন্তে স্পষ্ট হয়েছে। এসব কারণেই ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।”

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাৎক্ষণিক করণীয় হলো হাসপাতালটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। তবে কারাদণ্ড দেওয়ার ক্ষমতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, সেটি আদালতের এখতিয়ার। এ ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলাও হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, তদন্ত কমিটি ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ভবনের নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি আরও কঠোরভাবে যাচাই করার সুপারিশ করেছে। এ জন্য সংশ্লিষ্ট ভবন পরিদর্শনের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, অনেক সময় নিয়মিত পরিদর্শনে হাসপাতালের দৃশ্যমান অংশগুলো ঠিকঠাক দেখা গেলেও আড়ালে থাকা ঝুঁকিপূর্ণ বিষয়গুলো ধরা পড়ে না। আদ্-দ্বীন হাসপাতালের একটি ভবনের উপরের তলায় বেকারি ও দাহ্য পদার্থের মজুদের বিষয়টি পরবর্তীতে অনুসন্ধানে সামনে আসে, যা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারত।

গত মাসে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সন্তান হারানো পরিবারগুলোর কান্না ও ক্ষোভের মধ্যেই তদন্তে হাসপাতাল উঠে আসে কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি।