স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, বাতিল হচ্ছে ইভিএম ও অনলাইন মনোনয়ন

আপডেট : ২২ মে ২০২৬, ০১:১৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে ইভিএম ও অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধানও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধন আনার কাজ চলছে, যার লক্ষ্য নির্বাচনকে আরও নিরপেক্ষ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করা।

তিনি জানান, সংশোধিত বিধিমালায় স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে। ফলে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। পাশাপাশি প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের ব্যবস্থাও থাকছে না।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। 

বর্তমানে নির্দলীয় প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, সেটিও বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া উপজেলা নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্যান্য সব স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, ঈদের পর সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত করা হবে। জুনের মধ্যেই পুরো বিধিমালা প্রণয়নের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের।

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী অক্টোবর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থান এবং নির্বাচনি কর্মকর্তাদের সততার ওপর গুরুত্বারোপ করেন আব্দুর রহমানেল মাছউদ।

তিনি আরও বলেন, ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। নির্বাচন কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন এবং কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।