রামিসা হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত ও বিচারের প্রত্যাশা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর

আপডেট : ২১ মে ২০২৬, ০৭:০৮ পিএম

সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় যতো দ্রুত সম্ভব চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপতার করা হয়েছে। 

মূল আসামি ফৌজদারি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতো দ্রুত সম্ভব মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

জবানবন্দি শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এক সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে তিনি এই নির্দেশনা দেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম।

তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন আইনমন্ত্রী।