পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণে আগামী ১৭ই মে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।
গালফ নিউজের বরাতে জানা গেছে, রবিবার সন্ধ্যায় জিলকদ মাসের ২৯ তারিখে নতুন চাঁদ পর্যবেক্ষণের জন্য দেশটির মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। একইসঙ্গে সরকারি চাঁদ দেখা কমিটিগুলোর কার্যক্রমে অংশ নিতে সক্ষম ব্যক্তিদেরও অনুরোধ করা হয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছে, ১৭ই মে বিশ্বের বিভিন্ন অঞ্চলে টেলিস্কোপ ও খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা সম্ভব হতে পারে।
তিনি জানান, জ্যোতির্বৈজ্ঞানিদের হিসাব অনুযায়ী সোমবার ১৮ই মে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা আছে। সে হিসেবে অধিকাংশ ইসলামি দেশে ২৭এ মে বুধবার সৌদি আরবে ঈদুল আজহা পালিত হতে পারে।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও মক্কায় সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ আকাশে দৃশ্যমান থাকতে পারে। এছাড়া আম্মান, জেরুজালেম, কায়রো ও রাবাতেও অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে গালফ নিউজকে জানান তিনি।
তবে চূড়ান্তভাবে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার ওপরই ঈদুল আজহার তারিখ নির্ভর করবে। যদি ১৭ই মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তাহলে জিলহজ মাস ও ঈদের তারিখ একদিন পিছিয়ে যেতে পারে।



