ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির মরদেহ ঢাকা পৌঁছাবে শনিবার

আপডেট : ০৮ মে ২০২৬, ১০:৩৪ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে আসছে। বৃহস্পতিবার রাতে মরদেহবাহী বিমান ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ভেরিফায়েড ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্রানজিট ও ফ্লাইট পরিবর্তনের পর ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহটি শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিহত বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। একই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

গত ১৬ই এপ্রিল নিখোঁজ হওয়ার পর তদন্তে জানা যায়, তার দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।