ফ্লোরিডায় খুন হওয়া বৃষ্টির মরদেহ শনাক্ত, লিমনের মরদেহ দেশে আসবে সোমবার

আপডেট : ০১ মে ২০২৬, ০৬:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। শুক্রবার বৃষ্টির ভাইকে ফোন করে ফ্লোরিডা পুলিশ ফোন করে নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

এর আগে একই ঘটনায় খুন হওয়া জামিল আহমেদ লিমনের মরদেহ ২রা মে শনিবার ফ্লোরিডার অরল্যান্ডো থেকে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে ৪ঠা মে।

গত ১৬ই এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডারয় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪এ এপ্রিল ট্যাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়াহকে গ্রেপ্তার করা হয়। দুইজনকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে।

বৃষ্টির মরদেহ তখনো নিখোঁজ ছিল। পরে উদ্ধার হওয়া দেহাবশেষের ডিএনএ পরীক্ষা ও অন্যান্য ফরেনসিক যাচাই শেষে তা বৃষ্টির বলে নিশ্চিত করা হয়।