যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় ৩৭ লাখ ডলারের ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। টাকার অংকে যা ৪৫ কোটি টাকার বেশি।
এই অর্থ সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন প্রতিষ্ঠান ওকেএক্স এই ডিজিটাল মুদ্রা শনাক্ত ও উদ্ধারে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে।
উদ্ধার করা অর্থ এরই মধ্যে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে সাইবার অপরাধ দমনে দুই দেশের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এ ধরনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



