হাতকড়া পরেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

'রিয়েলিটি ও ডিজায়ার দুই জিনিস। রিয়েলিটি হচ্ছে, টেররিস্ট দেশে অ্যালাউ না প্রত্যর্পণ ছাড়া। ডিজায়ার হচ্ছে বেডে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা, আমি হেঁটে হেঁটে বাংলাদেশে যাচ্ছি বা প্লেনে যাচ্ছি।'

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

অন্য কোনো উপায়ে নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থানের সঙ্গে সব দেশের কূটনীতিকেরা একমত বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, "রিয়েলিটি ও ডিজায়ার দুই জিনিস। রিয়েলিটি হচ্ছে, টেররিস্ট দেশে এলাউ না প্রত্যর্পণ ছাড়া। ডিজায়ার হচ্ছে বেডে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা, আমি হেঁটে হেঁটে বাংলাদেশে যাচ্ছি বা প্লেনে যাচ্ছি। শেখ হাসিনা শুধুমাত্র হাতকড়া পরে প্রত্যর্পণ হয়েই আসতে পারেন। আর কোনোভাবে নয়।"

মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদণে জানিয়েছে, ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেণ শেখ হাসিনা। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফেরার জন্য তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

"২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন," সৈয়দ মোজাম্মেল আলীর এক বিবৃতিকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটি লিখেছে।  

দেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সঙ্গে কারা জড়িত, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "টেররিস্ট তো একজনই, আওয়ামী টেররিস্ট। মানুষ তো টেররিজম এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেররিজম, স্পন্সরড বাই হাসিনা আপা ফ্রম দিল্লি। এটা সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না।"

হুমায়ুন কবির আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। তবে এতে মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং সন্ত্রাসীরাই আতঙ্কিত হচ্ছে।