নানা আলোচনা-সমালোচনার বিপিএলের ২য় দিনের শুরুতেই ঘটলো নতুন অঘটন। যার মাঠে ডাগআউটে উপস্থিত থেকে দল পরিচালনা করার কথা সেই তিনিই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পাড়ি জমালেন পরপারে।
সিলেটে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি টসের পর পরই হার্ট অ্যাটাক করেন, এরপর মাঠ থেকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে আলাপকে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলে ২য় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। নিয়ম মতো ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের শেষ মুহূর্তের ওয়ার্ম আপ করাচ্ছিলেন ঢাকার সহকারি কোচ মাহবুব আলি জ্যাকি।
এর মধ্যেই টসও হয়ে যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মিথুন আলী।
এর মধ্যে হঠাৎ করেই মাঠে অনুশীলন করাতে গিয়ে লুটিয়ে মাটিতে পড়ে যান কোচ মাহবুব। তাকে ঘিরে ছোটখাট জটলা জমে ওঠে মাঠেই।
ফিজিও, তার সহকর্মী ও অন্যান্য ক্রিকেটারদের ছুটে আসতে দেখা যায়। ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর মাঠেই তাকে সিপিআর দেয়া হয় বেশ কিছুক্ষণ। তবে তাতে সাড়া মেলে না দেশের ক্রিকেটে জ্যাকি ভাই হিসেবে বহুল পরিচিত এই কোচের।
এরপর অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া মাহবুব আলী জ্যাকিকে। তবে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। সাথে সাথে দেশের ক্রিকেট অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
মাহবুব আলী জ্যাকি মূলত পেস বোলিং বা ফাস্ট বোলিং কোচ হিসেবে পরিচিত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে বিভিন্ন পর্যায়ে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
জাতীয় দলের কোচিং স্টাফের অংশ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তাসকিনসহ বিভিন্ন সময়ে জাতীয় দলের পেসারদের নিয়ে কাজ করতে দেখা গিয়েছে তাকে।
পেস বোলিং কোচের নিয়োগ প্রক্রিয়ায় বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করেন তিনি। বিদেশি কোচদের সঙ্গে মাহবুব আলী জাকির অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় আসে। তিনি দীর্ঘদিন ধরে দেশের তরুণ ও উদীয়মান পেসারদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন।
এর আগে এ বছরের শুরুর দিকে বিকেএসপিতে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। এরপর একজন ফিজিওর মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাবার ঘটনাও আছে।