ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চান বলে জানিয়েছে রয়টার্স।
তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে মঙ্গলবার বার্তা সংস্থাটি জানিয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।
মুখপাত্রের একটি বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, "২০২৪ সালের ৫ই অগাস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”
“এই ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব,” রয়টার্সকে বলেছেন সৈয়দ মোজাম্মেল আলী।
২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা।
এর আগে নভেম্বরের শুরুর দিকে তিনি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র চেয়ে আবেদন করেন, বলে খবর দিয়েছিল রয়টার্স। তার কয়েকদিন পর আবার বার্তা সংস্থাটি আরেক খবরে জানালো, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
যুক্তরাজ্যভিত্তিক রয়টার্স বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা। ১৮৫১ সালে প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমটি বিশ্বের প্রায় সব অঞ্চলে নিজস্ব সংবাদদাতা ও প্রতিনিধি নেটওয়ার্কের মাধ্যমে সংবাদ সরবরাহ করে।