সংবাদ প্রকাশের পর প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করেছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা স্ট্রিম।
ঢাকা স্ট্রিমের প্রতিবেদন বলছে, গত ২৩এ জুন বাংলা স্ট্রিমে 'সাদা-কালো পতাকায় সয়লাব দেশ, নেপথ্যে কারা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ইংরেজিতেও রিপোর্টটি প্রকাশ হয় ঢাকা স্ট্রিমে। এর পর থেকেই সংশ্লিষ্টদের বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া শুরু হয়।
এ ঘটনার পর ঢাকা স্ট্রিমের হেড অব কমিউনিকেশন এস. এম. মিনহাজুর রহমান গত ২৬এ জুন রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে বলা হয়েছ, প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদককে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে, অফিসিয়াল ফোন নম্বরে কল করে এবং ব্যক্তিগত মোবাইল নম্বরে প্রাণনাশ ও হামলার হুমকি দেওয়া হচ্ছে ।
এতে আরও বলা হয়েছে, যেসব নাম্বার ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে, সেগুলোর কল লগ, বার্তা ও স্ক্রিনশট সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে এসব তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা স্ট্রিম।