২৪-এর গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সন্ধায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সাঈদ খোকনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ঠা অগাস্ট সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ধানমন্ডি জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ১৪ বছরের কিশোর আব্দুল মোতালিব নিহত হয়। এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।
মঙ্গলবার সকাল ৭ টায় ঢাকার বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১ এর একটি দল। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আলাপ-কে জানান, "সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা আছে। এর মধ্যে একটি মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।"
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ই নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়।
এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য, তার মা, স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেন আদালত।
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।