তিনদিনের সিম ভাড়া করে অনলাইন জুয়া, ২ কোটি টাকার বেশি লেনদেন: সিআইডি 

নিজের নামে নিবন্ধিত বিকাশ-নগদের এজেন্ট সিম তিনদিনের জন্য ১০ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। সেই সিম কার্ডের বিকাশ অ্যাকাউন্টে মাত্র ৩ দিনে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

আর অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে দায়ের করা এক মামলায় মো. লিটন হাওলাদার  নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

সিআইডি এক প্রেস রিলিজে জানায়, ৪ই নভেম্বর সিআইডির প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।

অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৪ জন দোকানদারের নাম প্রকাশ করেন এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া শেখ সাখির আহম্মেদ (৩৩)। গত ৪ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করার পর তিনি এসব নাম জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লিটন হাওলাদারকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে তলব করা হয়।

জিজ্ঞাসাবাদে লিটন জানান, নিজের নামে নিবন্ধিত বিকাশ ও নগদের এজেন্ট সিম খুলনার বয়রা এলাকার হানিফ নামের এক অটোচালকের কাছে ১০ হাজার টাকায় তিনদিনের জন্য ভাড়া দিয়েছিলেন। সিমটির বিকাশ অ্যাকাউন্টের লেনদেন পর্যালোচনা করে দেখা যায়, গত ৭ থেকে ৯ই অগাস্ট পর্যন্ত তিনদিনে ওই অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা লেনদেন হয়েছে।

পল্টন মডেল থানায় গত ৩১এ অগাস্ট দায়ের করা মামলাটির তদন্ত করছে সিআইডি। জুয়া প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় করা এ মামলায় অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করা হচ্ছে।