ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর থেকে ডায়মন্ড, প্লাটিনাম, স্বর্ণসহ মূল্যবান রত্নালঙ্কার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় মো. জনি রহমান নামে এক যাত্রী গ্রেপ্তার হয়েছেন।
রবিবার ঢাকা কাস্টমস হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া জনি রহমান কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটে ঢাকায় আসেন।
ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমসের প্রিভেন্টিভ টিম তার লাগেজ ব্যাগ স্ক্যান করে। পরে লাগেজ তল্লাশি করে আচারের বয়ামের ভেতরে লুকানো অবস্থায় এসব অলংকার ও পাথর উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা বলেও কাস্টমসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোট ১ হাজার ৫৪ গ্রাম ওজনের ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণের বিভিন্ন অলংকার। এ ছাড়া ৭২০টি রুবি ও পোখরাজ পাথরও পাওয়া গেছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সেই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।