হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন আনুমানিক ৯ কেজি বলে জানা গেছে।
রবিবার সকালে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি এবং শুল্ক গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্র্যাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মো. মিজান। দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো বের করে নিয়ে যাওয়ার সময় ওই দুই কর্মীকে আটক করেন অভিযানকারী দলের সদস্যরা।
ফ্লাইটটি এমিরেটসের ইকে-৫৮২ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।