এনভিডিয়ার সিইও হিসাবে পুনরায় জেনসেন হুয়াংয়ের ফেরা এবং চীনে মার্কিন প্রযুক্তির এআই চিপ সরিয়ে নেওয়ার অভিযোগকে ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক বেড়েই চলেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। তবে এনভিডিয়াকে ‘ভালো করপোরেট নাগরিক’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখে ব্ল্যাঞ্চ বলেন, এনভিডিয়ার বিরুদ্ধে বিচার বিভাগ বা এফবিআই কোনো তদন্ত করছে কি না, সে বিষয়ে তার জানা নেই। একই সঙ্গে হুয়াংয়ের নিরাপত্তা ছাড়পত্রের বিষয়েও কোনো তথ্য দিতে পারেননি তিনি।
বিবিসির প্রতিবেদন বলছে, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সোমবার আবারও এনভিডিয়ার সিইও পদ ফিরে পান জেনসেন হুয়াং। তার বিরুদ্ধে চীনের কথিত গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠে। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের নেতৃত্বে ছিলেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ চীনে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় চলতি মাসের পরের সপ্তাহে কংগ্রেসে জবাবদিহির মুখে পড়তে পারেন হুয়াং। তার সঙ্গে ওই নারীর সম্পর্ক এবং চীনে চিপ সরবরাহের বিষয়ে তিনি কতটা জানতেন, তা নিয়ে প্রশ্ন তুলবেন আইনপ্রণেতারা।
এদিকে, মেগাস্পিডকে ব্ল্যাক লিস্ট করার প্রস্তুতি নিচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স। দেশটির বাণিজ্য ও বিচার বিভাগ জানিয়েছে, রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের আশঙ্কায় ২০২৪ সাল থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছে। তবে বিচার বিভাগ একই সময়ে শত শত রপ্তানি-সংক্রান্ত তদন্ত পরিচালনা করে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্ল্যাঞ্চ।
অন্যদিকে হুয়াংয়ের এনভিডিয়াতে আবারও আসার ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়ে তাঁদের রাজি করিয়েছেন। এমনকি হুয়াংয়ের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাঁকে ক্ষমা করার বিষয়টিও বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের দাবি, যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামত নিয়েই হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এতে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলেও মনে করছে পর্ষদ। তবে এ সিদ্ধান্ত নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের আইনপ্রণেতারাই প্রশ্ন তুলেছেন।
রিপাবলিকান আইনপ্রণেতাদের মতে, হুয়াংয়ের ব্যক্তিগত আচরণের কারণে জাতীয় নিরাপত্তা নিয়ে এনভিডিয়ার জবাবদিহির বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অন্যদিকে, ডেমোক্র্যাটদের অভিযোগ, এনভিডিয়ার সিদ্ধান্তে ট্রাম্পের সরাসরি সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা ও দুর্নীতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। হুয়াংয়ের পুনর্নিয়োগের ঘোষণা আসার আগে এনভিডিয়ার শেয়ার কেনাবেচায় কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছিল কি না, তা তদন্তের দাবিও উঠেছে।
জেনসেন হুয়াংয়ের ফিরে আসার খবরে সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়েছিল। তবে মঙ্গলবার শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমে যায়। দায়িত্বে ফিরে কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিজের কিছু কাজকে ‘ভয়াবহ ভুল’ বলে স্বীকার করেছেন হুয়াং। এরপর থেকে প্রতিদিন ৯০ মিনিট করে থেরাপি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।