পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে চীন-রাশিয়ার সাথে সমঝোতা কঠিন: ট্রাম্প

চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ধারণাটি তার পছন্দ হলেও এ বিষয়ে সমঝোতায় পৌঁছানো কঠিন। কারণ, হাজার হাজার পারমাণবিক অস্ত্রের মালিক দেশগুলোর পক্ষে নিজেদের অস্ত্রের মজুত কমানো সহজ নয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ধারণার সঙ্গে একমত। তবে বিষয়টি বাস্তবায়ন করা কঠিন।

চীনের শেনজেনে হওয়া এবারের এপেক সম্মেলনের এক পর্যায়ে আলোচনায় বসেন ট্রাম্প, পুতিন ও শি। দীর্ঘ ৯০ মিনিটের বৈঠক শেষে একটি যৌথ শান্তি ঘোষণা প্রকাশ করা হয়। যেখানে পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এ ধরনের যুদ্ধ কখনোই হওয়া উচিত নয় বলে অঙ্গীকার করেন তিন নেতা। পাশাপাশি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো এবং এর বিস্তার ঠেকাতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও একমত হন।

তবে তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর কোনো নির্দিষ্ট চুক্তি বা আলোচনার সময়সূচি ঘোষণা করা হয়নি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীনও এ ধরনের চুক্তিতে আগ্রহী নয়। চীনের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম।

বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে চীনের পারমাণবিক ওয়ারহেড ছিল প্রায় ৪১০টি। অন্যদিকে, ২০২৬ সালের মার্চ পর্যন্ত রাশিয়ার মজুত ছিল প্রায় ৫ হাজার ৪২০টি। আরেক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মজুতের পরিমাণ ৩ হাজার ৭০৮টি বলে উল্লেখ করা হয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্সের তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের কার্যকর পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে।

এছাড়াও জাতিসংঘের সংস্কার, বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি বজায় রাখার বিষয়েও একমত হন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট। তবে উক্রেইনের যুদ্ধ কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিয়ে যৌথ শান্তি ঘোষণায় কিছু উল্লেখ করা।

বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, তারা ইতিহাস গড়তে যাচ্ছেন। অন্যদিকে, শি জিনপিং বলেন, বড় শক্তিগুলো শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকলে বিশ্বে শান্তি বজায় থাকে। সম্মেলন শেষে ট্রাম্প বৈঠককে সফল দাবি করে বলেন, শূন্য থেকে ১০-এর মধ্যে তিনি এই সম্মেলনকে ১২ নাম্বার দিবেন।

এদিকে, শেনজেনে ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপের নেতারা। বৃহস্পতিবার বার্লিনে  উক্রেইনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, ইউরোপকে বাদ দিয়ে উক্রেইন যুদ্ধের কোনো শান্তিচুক্তি করা যাবে না।