সৌদি আরবে একাধিক হামলার পর বন্ধ রাখা হয়েছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। ১৫ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী। এসব ফ্লাইটের কয়েকটি বাতিল করা হয়েছে, আবার কিছু ফ্লাইটের যাত্রা স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সৌদি আরবগামী ও ট্রানজিট রুটের মোট ১০৩টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে ৪২টি সরাসরি এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ২২টি ফ্লাইটে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট ব্যাহত হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। হামলায় দুই বাংলাদেশিসহ ১৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে রিয়াদগামী এবং পরে দাম্মামগামী ফ্লাইট স্থগিত করে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলা এয়ারলাইনসও আগামী ২১এ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছে।
এ অবস্থায় সৌদি আরবগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ কেউ বিকল্প গন্তব্য হয়ে সৌদি আরব পৌঁছানোর চেষ্টা করছেন।